২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক প্রতিবেদন দিতে ব্যর্থ ৫ প্রতিষ্ঠানের অর্থদণ্ড

আর্থিক প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে অর্থদণ্ড দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 04:07 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- কাশেম টেক্সটাইল মিলস, কাশেম সিল্ক মিলস, এক্সেলসিওর সু, বীচ হ্যাচারি ও হিল প্লানটেশন।

এর মধ্যে প্রথম চারটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে এবং হিল প্লানটেশনের পরিচালকদের দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

তবে প্রতিষ্ঠানগুলোর স্বতন্ত্র পরিচালকদের জরিমানা গুনতে হবে না।

বিএসইসির কমিশন সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত হয় বলে নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কাশেম টেক্সটাইল মিলস ২০১৩-১৪ অর্থবছর ও ২০১৪-১৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে।

কাশেম সিল্ক মিলস কোম্পানি ২০১৩-১৪ অর্থবছর ও ২০১৪-১৫ অর্থবছরের প্রথম দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে।

এক্সেলসিওর সু কর্তৃপক্ষ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দিতে পারেনি।

বীচ হ্যাচারি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের এবং ২০১৫ সালের প্রথম দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দেয়নি।

এছাড়া হিল প্লানটেশন কোম্পানি কর্তৃপক্ষ ২০১৩-১৪ অর্থবছর ও ২০১৪-১৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে।