২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিডিসি ২০%, রিলায়েন্স ইন্স্যুরেন্স ৩০% লভ্যাংশ দেবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি (আইপিডিসি) ও রিলায়েন্স ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 05:22 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

এর মধ্যে আইপিডিসি ২০ শতাংশ লভ্যাংশ বোনাস হিসেবে এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স দেবে ৩০ শতাংশ, যা সমান দুই ভাগে নগদ ও বোনাস শেয়ার হিসেবে দেওয়া হবে।  

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

দুই কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয়েছে।

আইপিডিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ মার্চ সকাল ৯টায় রাজধানীর মহাখালীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ৮ মার্চ।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে একটাকা ৯০ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৯ টাকা ৬০ পয়সা।

আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দেয়, যার মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

২০০৬ সালে আইপিডিসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

আর রিলায়েন্স ইন্স্যুরেন্সের এজিএম ৩১ মার্চ সকাল ১১টায় গুলশানের লেক শোর হোটেলে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ৮ মার্চ।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ টাকা ৬১ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য ৬০ টাকা ৪৯ পয়সা।

আগের বছরও কোম্পানি ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।