ডোরীনের আইপিও আবেদনের সময় বাড়ল
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) কার্যক্রমে দেওয়া নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ পেয়ে আবেদন গ্রহণের সময় বাড়িয়েছে বিদ্যুৎ খাতের কোম্পানি ডোরীন পাওয়ার।
নতুন তারিখ অনুযায়ী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ কোম্পানির আইপিও আবেদন।
গত ৮ থেকে ১৬ ফেব্রুয়ারি আবেদন গ্রহণের সময়সীমা ছিল। তবে কয়েকজন বিনিয়োগকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ ফেব্রুয়ারি আইপিও কার্যক্রমে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।
রোববার ওই নিষেধাজ্ঞা ৪ সপ্তাহের জন্য স্থগিত হয় আপিল বিভাগে।
ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকীর স্ত্রী পারভীন আলম ডোরীন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান।
তাদের ছেলে বর্তমান সংসদের স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ তার অন্য দুই ভাই-বোন তানজীর আলম সিদ্দিকী ও আনজাবীন আলম সিদ্দিকী পরিচালক হিসেবে রয়েছেন।
১৯ টাকা প্রিমিয়ামসহ ২৯ টাকা বরাদ্দমূল্যে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৫৮ কোটি টাকা সংগ্রহ করবে ডোরীন পাওয়ার।
এই টাকা দুটি সহযোগী কোম্পানির পাওয়ার প্লান্ট স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর কাজে ব্যয় করবে বলে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির গত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১৯ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৮৭ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
