২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ব্যাংকে বিনিয়োগ করবে আইএফসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকে প্রায় ১৩২ কোটি টাকা বিনিয়োগ করবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 04:10 PM

Updated : 20 Aug 2022, 11:49 AM

ব্যাংকটি নতুন করে ৪ কোটি ৬৫ লাখ ২৩১টি শেয়ার ইস্যু করে ২৮ টাকা ৩০ পয়সা টাকা দরে আইএফসির কাছে বিক্রি করবে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

তবে কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডার ও বিএসইসিসহ অন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন দিলে আইএফসি বিনিয়োগ করতে পারবে।

এই বিনিয়োগের ফলে সিটি ব্যাংকের পাঁচ শতাংশ শেয়ারের মালিক হবে আইএফসি। এছাড়া আইএফসির কাছ থেকে প্রতি ডলার ৮০ টাকা হিসাবে সাধারণ শেয়ারে রূপান্তরযোগ্য ২ কোটি মার্কিন ঋণ নেবে ব্যাংকটি।

ছয় মাসের লাইবরের (লন্ডন ইন্টারন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ রেট) সঙ্গে ২ দশমিক ৭৫ শতাংশ সুদ যোগ করে বছরের মধ্যে ঋণ পরিশোধ করবে সিটি ব্যাংক।

তবে ঋণের অংশ বা পুরোটা একই দরে সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারবে আইএফসি।

এসব সিদ্ধান্ত কার্যকরে সংঘস্মারক ও সংঘবিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনতে ২৪ মার্চ সিটি ব্যাংকের ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডাকা হয়েছে।

এ জন্য ২ মার্চ রেকর্ড ডেট ঠিক করা হলেও সভার স্থান ও সময়সূচি জানানো হয়নি।