নেতিবাচক মন্তব্যের কারণে ক্ষতিগ্রস্ত শেয়ারবাজার: ডিবিএ
নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে পত্রিকার খবর নিয়ে দায়িত্বশীল পর্যায় থেকে নেতিবাচক মন্তব্যের কারণে শেয়ারবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকাররা।
বৃহস্পতিবার মতিঝিলে এক সংবাদ সম্মেলনে বাজারের সাম্প্রতিক মন্দা পরিস্থিতি নিয়ে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) বক্তব্য তুলে ধরেন সংগঠনের প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেন, “গত ২৫ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদত্যাগের বিষয়ে নিউজ প্রকাশিত হয়। যে বিষয়ে দায়িত্বশীল পর্যায় থেকে কেউ কেউ নেতিবাচক মন্তব্য করেছেন। এ মন্তব্যের ফলে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।
“পরিসংখ্যানে দেখা গেছে, ২৫ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি এ কয়েকদিনে শেয়ারবাজারের বাজার মূলধন কমেছে ২৪০০ কোটি টাকা। তাই অনুমান করে কোনো মন্তব্য করা ঠিক না। কারণ এতে শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত হয়।”
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও ২০১০ সালে শেয়ারবাজার ধসের পর গঠিত তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, কেলেঙ্কারির ঘটনার পর নিয়ন্ত্রক সংস্থার পুনর্গঠন করা হলেও বাজার ও নিয়ন্ত্রক সংস্থার ওপর বিনিয়োগকারীদের আস্থা ফেরেনি। একারণে বিএসইসির বর্তমান চেয়ারম্যানকে পরিবর্তন করার পক্ষে মত দেন তিনি।
বাজারের সাম্প্রতিক নেতিবাচক পরিস্থিতির পেছনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের গতবছরের একটি সিদ্ধান্তকে দায়ী করেন আহসানুল ইসলাম।
যেখানে তিতাসে প্রায় ৪ শতাংশের এর মতো বিদেশি বিনিয়োগকারী ছিল, যা সংখ্যা এখন শূন্যের কোঠায় নেমে এসেছে বলে উল্লেখ করেন ডিবিএ প্রেসিডেন্ট টিটু।
তিনি বলেন, ২০১৪-২০১৫ অর্থবছরে তিতাসের শেয়ারপ্রতি আয় ৯ টাকা হলেও বার্ষিক সাধারণ সভায় মাত্র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষনা করা হয়।
“এর ফলে তিতাসের মতো একটি ভাল মৌলভিত্তির সরকারি কোম্পানির ওপর দেশি-বিদেশি সর্বস্তরের বিনিয়োগকারীদের অনাস্থা তৈরী হয়েছে।”
সংবাদ সম্মেলনে ডিএসইর সাবেক পরিচালক খুজিস্তা নূর-ই নাহরীন মুন্নি ও মিনহাজ মান্নান ইমন উপস্থিত ছিলেন।
