অনিয়মের দায়ে দুই কোম্পানির পরিচালনা পর্ষদকে বিএসইসি'র জরিমানা
অনিয়মের দায়ে ‘আমাম সি ফুড ইন্ডাস্ট্রিজ’ ও ‘ঢাকা ফিশারিজ লিমিটেড’র পরিচালনা পর্ষদের সব সদস্যকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই দুই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ অন্য সব পরিচালকে দুই লাখ টাকা করে জরিমানা দিতে হবে বলে কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে বলা হয় ‘আমাম সি ফুড ইন্ডাস্ট্রিজ’ ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়।
একইভাবে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের সমাপ্ত অর্ধবার্ষিক প্রতিবেদন এবং ২০১৫ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয় কোম্পানিটি।
আমাম সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মতো একই ধরনের অনিয়ম করেছে ‘ঢাকা ফিশারিজ লিমিটেড’।
বিএসইসি জানিয়েছে, এই ফিশারিজ কোম্পানি ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দিতে পারেনি।
একইভাবে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের সমাপ্ত অর্ধবার্ষিক প্রতিবেদন এবং ২০১৫ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে তারা।
এজন্য এ কোম্পানিরও ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা এবং প্রতিবেদনগুলো বিএসইসিতে জমা না দেওয়া পর্যন্ত প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কমিশনের সভায় বিএসইসি সদস্য আরিফ খানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
