২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রির চাপে পড়েছে বাজার

সপ্তাহ জুড়ে পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতার পেছনে ঝুঁকির মাত্রা ও বিক্রির অতিরিক্ত চাপ থাকাকে কারণ হিসেবে বলছে একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 08:48 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাবের (আরআইএল) বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণ আরআইএল বলেছে, সপ্তাহ জুড়ে সার্বিকভাবে বাজারে ছিল নিম্নমুখী প্রবণতা। বাজার ঝুঁকির মাত্রা ও বিনিয়োগকারীদের বিক্রির চাপ ছিল এর আগের সপ্তাহের তুলনায় অপেক্ষাকৃত বেশি।

বিশ্লেষণে দেখা গেছে, আগের সপ্তাহের তুলনায় গড় বাজার মূলধন হ্রাস পেয়েছে ০.৪৮%; আর বাজার মূলধন হ্রাসের সঙ্গে হাওলা ২০.৮৮% ও লেনদেনের পরিমাণ কমেছে ২৬.৮৪%।

গবেষণা প্রতিষ্ঠানটি তাদের পর্যবেক্ষণে বলছে, গত সপ্তাহে অনেক বিনিয়োগকারীরা প্রত্যক্ষ বিনিয়োগ ও লেনদেনে অংশ না নিয়ে বাজার পর্যবেক্ষণ করেছেন। মূলতঃ বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির সম্ভাব্য প্রভাব এবং গণমাধমে সাম্প্রতিক শেয়ার বাজার সম্পর্কিত নানা বক্তব্যের কারণে বিনিয়োগকারীরা এমন অতি-সাবধানী অবস্থানে চলে গেছেন বলে তাদের ধারণা।

মাপকাঠি

চলতি সপ্তাহ

গত সপ্তাহ

পরিবর্তন

ডিএসসিএক্স সূচক

৪,৫৭৩.৫৯

৪,৬৫৭.৯৪

-১.৮১%

গড় বাজার মূলধন (কোটি টাকা)

৩,১৮,৬৮৩.৯৪

৩,২০,২১৮.৩৫

-০.৪৮%

মোট লেনদেন (কোটি টাকা)

২,১৫২.২৪

২,৯৪১.৭২

-২৬.৮৪%

মোট পরিমাণ  (কোটি টাকা)

৭০.১০

১০০.৬২

-৩০.৩৩%

মোট হাওলা

৫,৮৩,৭৯২

৭,৩৭,৮৬৪

-২০.৮৮%

মুনাফা-ঝুঁকি অনুপাত

-১.৬৮

-০.২২

৬৬৫%

                 সূত্রঃ রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব, রয়্যাল ক্যাপিটাল লিমিটেড

সার্বিক বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে বিনিয়োগকারীরা খুব বেশি সুবিধা করতে পারেননি। সপ্তাহজুড়ে গড়ে প্রতি ইউনিট ঝুঁকি নেওয়ার বিপরীতে মুনাফার পরিবর্তে বিনিয়োগকারীদের লোকসান গুণতে হয়েছে।

প্রতি ১ ইউনিট ঝুঁকির বিপরীতে এই লোকসানের পরিমাণ ১.৬৮, যা এর আগের সপ্তাহের তুলনায় প্রায় ৮ গুণ বেশি।

এই তথ্যের উপর ভিত্তি করে আরআইএল বলছে, এতে স্পষ্ট যে বাজারের অবস্থা অত্যন্ত দুর্বল এবং আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে এই দুর্বল অবস্থা আরও খারাপের দিকে গিয়েছে।

এ সপ্তাহে প্রধান মূল্যসূচক ১.৮১% (৮৪.৩৫ পয়েন্ট) হ্রাস পেয়েছে ও বাজার ঝুঁকির মাত্রা ছিল ০.১৭%। এডভান্সড-ডিক্লাইন (এডি) রেশিও থেকেও বাজারের নিম্নমুখী প্রবণতা পরিষ্কার।

সপ্তাহের শুরুতে এডি রেশিও ১.০৩ দিয়ে শুরু হলেও শেষ দিনে ০.৯৯- এ নেমে আসে।

বহুজাতিক কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে বলে আরআইএল- এর পর্যবেক্ষণে উঠে এসেছে।

“গত সপ্তাহে গোটা বাজার নিম্নমুখী থাকলেও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বাজার মূলধন মোট বাজার মূলধনের ৩৩.৭৭% থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৪.২৩%।”

খাতভিত্তিক বিশ্লেষণ

গত সপ্তাহে পাট (১২৯.০৫) এবং তথ্যপ্রযুক্তি (১০৬.৭৩) খাতে ছিল সর্বাধিক পি-ই রেশিও।

যাকে আরআইএল দুটি খাতের কোম্পানির মুনাফার তুলনায় শেয়ারের উচ্চ চাহিদা নির্দেশক বলে চিহ্নিত করছে।

গত সপ্তাহে পাট খাতের শেয়ারে সর্বোচ্চ পি-ই রেশিও দেখা গেলেও বিনিয়োগকারীরা তা থেকে খুব একটা লাভবান হতে পারেনি বলে বিশ্লেষণে বলছে আরআইএল। 

এর পেছনে যুক্তি দেখিয়েছে, গত সপ্তাহে এ খাতের শেয়ার বিনিয়োগকারীদের লোকসানের মুখোমুখি করেছে।

তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, অন্য খাতের তুলনায় পাট খাতে লোকসানের পরিমাণ সর্বাধিক ছিল গত সপ্তাহে (-০.৮৯%)।

এ খাতের বিনিয়োগকারীদের উদ্দেশে আরআইএল বলছে, তথ্যপ্রযুক্তি মুনাফা দিলেও  (০.৭৩%) তা খুব বেশি নয়। ফলে এই দুই খাতের শেয়ার কেনার ব্যাপারে বিনিয়োগকারীদের উচ্চমাত্রার সাবধানতা অবলম্বন করা উচিৎ।

কারণ, এমন মুনাফা ও পি-ই এর এমন সম্পর্ক শেয়ার সমূহকে অতি উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নির্দেশ করে।

লক্ষণীয় শেয়ার

এ সপ্তাহে সাপ্তাহিক মুনাফার দিক থেকে শীর্ষ ৫ শেয়ার ছিল ইস্টার্ন লুব্রিকেন্ট (৫২.৩%), ঢাকা ডাইং (২২.২%), অলটেক্স (১৮.৯১), সিএমসি কামাল (১৬.২০%) এবং সায়হাম কটন (১৪.০৮%)।

সর্বনিম্ন ৫ শেয়ার এসইএমএল লেকচার ইকুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড (-১৭.৬৫%), সামিট এলায়েন্স পোর্ট (-১২.৯৩%), এমারেল্ড অয়েল (-১২.১৫%), কেডিএস লিমিটেড (-৯.৩৪%) এবং আমান ফিড (-৯.০৭%)।

দামের ওঠানামায় ঝুঁকির পরিমাপে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ৫ শেয়ার ছিল- ইস্টার্ন লুব্রিকেন্ট (৬৩.৮৭), বেটবিসি (৫৫.৭৪), নরদার্ন (১৮.৪১), জেমিনি সি ফুড (১৬.২৪), মারিকো (১৬.১৭)।

টাকার পরিমাপে বাজারে মোট লেনদেনের শতাংশ হিসেবে সর্বাধিক লেনদেন হয়েছে অলটেক্স (৩.৩৯%), এমারেল্ড অয়েল (৩.২২%), আইটিসি (২.৬৯), সাইফপাওয়ার (২.৪৭%), এবং আলবারাকা ব্যাংক (২.৩৫%)।

অন্যদিকে সপ্তাহের মোট লেনদেনকৃত শেয়ারের সংখ্যার অনুপাতে সর্বোচ্চ শেয়ার লেনদেন হওয়া শীর্ষ ৫ কোম্পানি- ইউনাইটেড এয়ার (৫.৮১%), আলবারাকা ব্যাংক (৪.৫৬%), সিএনটেক্সটাইল (৩.৩৪%), অলটেক্স (২.৩১%) এবং ঢাকা ডাইং (২.৯৭%)।

মোট বাজার মূলধনের অনুপাতে সর্বোচ্চ মূলধন সৃষ্টিকারী ৫ শেয়ার ছিল- জিপি (১০.৮৩%), ব্যাট বিসি (৫.৪১%), স্কয়ারফার্মা (৪.৪৪%), লাফার্জ (২.৬৯%) এবং রেনেটো (১.৭০%)।

সবচেয়ে বেশি সংখ্যক লেনদেনকৃত শেয়ার- এমারেল্ড অয়েল (২১২৮১), আইটিসি (২০৮৯৭),  ইউনাইটেড পাওয়ার (১৬৪৫৯), রিজেন্ট টেক্সটাইল (১৫৯৭৬), অলটেক্স (১৫৪৫১)।

আগামী সপ্তাহের পূর্বাভাস

গত সপ্তাহ এবং তার আগের কয়েক সপ্তাহের বাজার পরিস্থিতি ও গবেষণার প্রেক্ষিতে, আগামী সপ্তাহের বাজার বেশ কিছুটা ঝুঁকিপূর্ণ হবে বলে ধারণা করছে আরআইএল।

তাদের অনুমান, সূচকের ওঠানামা এ সপ্তাহের মতোই থাকতে পারে; সেই সঙ্গে বাজার থেকে লাভ তুলে নেওয়া খুব বেশি সহজ হবে না।

তবে গেল সপ্তাহের নিম্নমুখী প্রবণতা আগামী সপ্তাহে কিছুটা প্রশমিত হবে বলে ধারণা করা যাচ্ছে।