পুঁজিবাজারে দরপতন চলছেই, স্বাভাবিক বলছেন বিশ্লেষকরা
টানা পঞ্চম দিনের মতো বাংলাদেশের পুঁজিবাজারে পতন অব্যাহত রয়েছে; দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।
তবে এই বাজারের চলমান এই পরিস্থিতিকে ‘স্বাভাবিক ও সাময়িক’ বলে মনে করছেন বিশ্লেষকরা।
মঙ্গলবার সপ্তাহের তৃতীয় দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৬১০ পয়েন্টে নামে; লেনদেন ১৩ দশমিক ৫১ শতাংশ কমে ৪৪৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে ১৪ হাজার ১৮৯ পয়েন্টে নেমেছে; লেনদেন ১৬ দশমিক ৪০ শতাংশ কমে ২৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার, হাতবদল হয়।
বাজারের পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে অধ্যাপক ডা. সাদিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের পুঁজিবাজারের একটা সাধারণ প্রবণতা হচ্ছে- ডিসেম্বর ও জানুয়ারিতে একটু ধীর গতিতে থাকে; মার্চ, এপ্রিল ও জুনে গিয়ে ভাল হয়।”
গত পাঁচ কার্যদিবসে ডিএসইতে সূচক কমেছে প্রায় ৮৮ পয়েন্ট; লেনদেন প্রায় আড়াইশ কোটি টাকা কমে সাড়ে চারশ কোটি টাকার নিচে নেমেছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীও মনে করেন, পুঁজিবাজার স্বাভাবিক অবস্থায়ই রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পুঁজিবাজার যে গতিতে থাকার কথা, সে অবস্থাতেই আছে। খুব ভাল বা খারাপ কোনোটিই বলা যাবে না।”
তবে কেউ কেউ মনে করেন ওষুধ খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজের শেয়ারের নিলামে অংশ নিতে অর্থের যোগান দিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করায় বাজার পড়ছে।
ব্রোকারেজ হাউজ ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একমি ল্যাবরেটরিজের নিলামে অংশ নিতে ব্রোকারেজ হাউজের টাকার দরকার।
“বেশিরভাগ ব্রোকারেজের এখন ব্যাংকের কাছে অনেক ঋণ। তাই নিলামে অংশ নিতে পোর্টফোলিওতে থাকা শেয়ার বিক্রি করছে তারা।”
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৬২টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
আর সিএসইতে লেনদেনে থাকা ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।
