একমি ল্যাবরেটরিজের বিডিং শুরু ১ ফেব্রুয়ারি
বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া একমি ল্যাবরেটরিজের বিডিং আগামী ১ ফেব্রুয়ারি শুরু হবে।
অনুমোদিত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এ বিডিং প্রক্রিয়ায় অংশ নেবেন।
কোম্পানিটি পুঁজিবাজারে পাঁচ কোটি সাধারণ শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহ করবে। এই অর্থ তিনটি নতুন প্রকল্প বাস্তবায়ন এবং আইপিও খাতে ব্যয় করা হবে।
৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫ টাকা ৬৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৬৬ টাকা ১৬ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল লিমিটেড এবং রেজিস্টার টু দ্য ইস্যু হলো প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
কোম্পানিটির প্রসপেক্টাস পাওয়া যাবে http://www.bbsbangladesh.com ওয়েবসাইটে।
