শ্যামল ইক্যুইটিকে ১৫ লাখ টাকা জরিমানা
আইন ভঙ্গের দায়ে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি নন মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ দেওয়ার মাধ্যমে কমিশনের নির্দেশনা লঙ্ঘন করেছে।
এছাড়া পাঁচ লাখ টাকার উপরে নগদ লেনদেন করার, সমন্বিত গ্রাহক হিসাবের তহবিলের ঘাটতি থাকার ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন আইন অনুযায়ী না করার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি।
এসব আইন ভঙ্গ করার কারণে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টকে ১৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত হয়েছে।
