ডিএসইতে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু
বিনিয়োগকারীদের প্রশিক্ষণের জন্য ফি জমা নিতে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এখন থেকে ডিএসইর বিভিন্ন ধরনের প্রশিক্ষণে অংশ নিতে অনলাইনে নিবন্ধন ও অর্থ পরিশোধ করা যাবে।
সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার মো. আমজাদ হোসেন নতুন পদ্ধতির উদ্বোধন করেন বলে ডিএসইর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা বলেন, “বিনিয়োগকারীরা ডিএসই ট্রেনিং একাডেমির আয়োজনে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের রেজিস্ট্রেশন ও ফি প্রদানের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন। তা সমাধানের জন্যই এই অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। পরবর্তী সময়ে এর মাধ্যমে সব ধরনের পেমেন্ট করা যাবে।”
এই সেবা দিতে পেমেন্ট গেটওয়ে সেবাদাতা সূর্যমুখীর সঙ্গে ডিএসই এর মধ্যে চুক্তি করেছে বলেও জানান তিনি।
