১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস তুলতে ডিবিএর চিঠি

স্বাভাবিক লেনদেনের গতি ফিরিয়ে আনতে ফ্লোর প্রাইস তুলে নেয়া দরকার, চিঠিতে বলেছে ডিবিএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 06:15 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো কোম্পানি লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশের ফ্লোর প্রাইস তুলে নেওয়ার দাবি করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

সোমবার ওই দাবি জানিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছেন ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

চিঠিতে বলা হয়, বিদ্যমান ফ্লোর প্রাইস এখনো দেশের পুঁজিবাজারে ‘অচলাবস্থা’ তৈরি করছে। স্বাভাবিক লেনদেনের গতি ফিরিয়ে আনতে ফ্লোর প্রাইস তুলে নেয়া দরকার।

কোভিড মহামারীর পর ইউক্রেইনে রাশিয়ার অভিযান শুরুর বছর ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ওপর ফ্লোর প্রাইস (কোম্পানির শেয়ারের দামের সর্বনিম্ন সীমা) আরোপ করে বিএসইসি। পরবর্তীতে কয়েক ধাপে সবশেষ ২০২৪ সালের অগাস্টের মধ্যে সবগুলো কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হলেও ইসলামী ব্যাংক বাংলাদেশ ও বেক্সিমকো লিমিটেডের ওপর বহাল রাখা হয়।

এ দুটি কোম্পানির উপর থেকেও ফ্লোর প্রাইস তুলে নেওয়ার দাবি করে ডিবিএ প্রেসিডেন্ট চিঠিতে বলেন, “ফ্লোর প্রাইস আরোপের ফলে বেক্সিমকো লিমিটেড দীর্ঘ সময় ধরে কার্যত লেনদেনবিহীন অবস্থায় রয়েছে। একইভাবে ইসলামী ব্যাংকের শেয়ার ফ্লোর প্রাইসে অবস্থান করায় বিক্রেতাদের জন্য স্বাভাবিক লেনদেন কার্যক্রম বাধাগ্রস্ত হয়।’’

ডিবিএ চিঠিতে দাবি করেছে, ফ্লোর প্রাইসজনিত দীর্ঘমেয়াদি লেনদেন সীমাবদ্ধতা মার্জিন ঋণ গ্রহণকারী বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক ইক্যুইটির ঝুঁকি বাড়াচ্ছে, যা বাজারের সামগ্রিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।