২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ৫ দিন পর সংশোধনে ডিএসই সূচক

আগের পাঁচ দিন সূচকে যোগ হয় ১৬২ পয়েন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 04:33 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

টানা পাঁচ দিন উত্থানের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন ‘সামান্য’ কমেছে। 

সোমবার আগের দিনের চেয়ে এক পয়েন্ট হারায় প্রধান সূচক ডিএসইএক্স। শেয়ার লেনদেন কমে ৩০ কোটি টাকার মত। 

আগের পাঁচ দিন সূচকে যোগ হয় ১৬২ পয়েন্ট। সেই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকেই ইতিবাচক ধারায় লেনদেন শুরু হয় ডিএসইতে।

বিক্রির চাপ বাড়তে শুরু করলে আধা ঘণ্টা পরই সূচক চলে যায় সংশোধনে। দুপুর পৌনে ১টা পর্যন্ত সূচক হারাতে থাকলে আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে যায়। সূচক চলে যায় ৪ হাজার ৮১৪ পয়েন্টে।

আবার কেনার চাপ বাড়লে ধীরে ধীরে উঠতে থাকে সূচক। শেষ বেলায় হারানো সূচকের প্রায় সবটাই ফিরে পেয়ে লেনদেন শেষ হয় ৪ হাজার ৮৩৮ পয়েন্টে।

অন্যদিকে ডিএসইতে শেয়ার হাতবদলের পরিমাণও সামান্য কমে দাঁড়ায় ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকায়। আগের দিন শেয়ার লেনদেন হয় ৪৯৪ কোটি ৪৫ লাখ টাকার। গত চার দিনই ডিএসইতে লেনদেন চারশত কোটি টাকার ওপরে রয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনে আসা ৪০০টি কোম্পানির মধ্যে এদিন শেয়ার দর বাড়ে ২০৫টির, কমে ১৩০টির ও আগের দরে হাতবদল হয় ৬৫টির।

মিশ্র ধারায় চলা লেনদেনে ওষুধ ও রসায়ন, খাদ্য ও আনুষঙ্গিক এবং ব্যাংক খাতের শেয়ার দর এগিয়েছে বেশি।

লেনদেনে একক খাত হিসেবে ব্যাংক খাত সর্বোচ্চ ৬৫ কোটি ২৯ লাখ টাকা বা ১৪ দশমিক ২৯ শতাংশ অবদান রাখে।

দ্বিতীয় অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন হয় ৬০ কোটি ৮১ লাখ টাকার; ওষুধ ও রসায়ন খাতে হয় ৫৪ কোটি টাকার।

এদিন দর বৃদ্ধির দিক থেকে শীর্ষ তিনে উঠে আসে ইসলামী ব্যাংক বাংলাদেশ, মিডল্যান্ড ব্যাংক ও দেশবন্ধু পলিমার।

আর সবচেয়ে বেশি দর হারায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, দেশ গার্মেন্টস ও বার্জার পেইন্টস বাংলাদেশ।