স্ট্র্যাটেজিক ইক্যুইটির বিনিয়োগ ও ব্যাংক লেনদেন খতিয়ে দেখবে বিএসইসি
তিন সদস্যের কমিটিকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিনিয়োগ করা অর্থের অনিয়ম, লভ্যাংশ বিতরণ ও শেয়ারে বিনিয়োগের মাধ্যমে পুঁজি সরানো হয়েছে কি না তা খতিয়ে দেখতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের (এসইএমএল) বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি বুধবার তিন সদস্যের এ কমিটি গঠন করেছে।
সংস্থার মুখপাত্র ও পরিচালক ফারহানা ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘তদন্ত কমিটিকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’’
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত ও তার পরিবারের মালিকানাধীন স্ট্রাটেজিক গ্রুপের কোম্পানি স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড সম্পদ ব্যবস্থাপনার লাইসেন্স পায় ২০১৩ সালে।
নাফিজ সরাফাত এসইএমএল এর নামে পদ্মা ব্যাংক থেকে অর্থ সরিয়ে নিজের মালিকানাধীন অন্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন বলে অভিযোগ ওঠে। পরে লোকসান দেখিয়ে সেই অর্থ আত্মসাৎ করেছেন এমন অভিযোগ পাওয়ার পর সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটির অনিয়ম খতিয়ে দেখতে কমিটি করা হয়েছে বলে কর্মকর্তারা বলছেন।
কমিটি এসইএমএলের অর্থ ব্যবস্থাপনা ও পরিচালিত মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ খতিয়ে দেখবে।
কমিটির প্রধান কমিশনের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হককে। অপর দুই সদস্য হলেন-বিএসইসির উপ-পরিচালক রফিকুন নবী ও সহকারী পরিচালক মোহাম্মদ আবু হেনা মোস্তফা।
২০০৭ সালে নিবন্ধিত এসইএমএল লাইসেন্স পায় ২০১৩ সালে। বর্তমানে ৩২২ কোটি ৯৪ লাখ টাকার চারটি মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে কোম্পানিটি।
এর মধ্যে ১৭২ কোটি ৯৪ লাখ টাকার দুটি ফান্ডের যোগান দিয়েছে পদ্মা ব্যাংক। নাফিস সরাফাত এক সময়ে এ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। আর ১০০ কোটি টাকার ফান্ডের যোগান দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
কোম্পানিটির বিষয়ে গঠিত তদন্ত কমিটির কাজের পরিধি নির্ধারণ করে দেওয়া চিঠিতে বলা হয়, এসইএমএলের বিকল্প বিনিয়োগ প্রকল্প ‘অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড অব বাংলাদেশ’ এর অর্থ কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে, তা দেখতে হবে।
বিকল্প অর্থায়ন নিয়ে জারি করা বিএসইসির নীতিমালা মেনে বিনিয়োগ করা হয়েছে কি না, তা কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে।
প্রতিষ্ঠার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিনিয়োগ সংক্রান্ত সকল ধরনের প্রমাণাদি যাচাই করতে বলা হয়।
সম্পদ ব্যবস্থাপক ও ট্রাস্টি প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট বা নীতিমালার সঙ্গে বা ‘ইন্টারেস্ট অব কনফ্লিক্ট’ হয়েছে কি না, বিনিয়োগের বেলায় তাও দেখতে হবে কমিটিকে।
তহবিলের অর্থের ব্যাংক হিসাব, সুদ ও বিনিয়োগ থেকে আসা আয় ও আমানত রাখা সংক্রান্ত শর্তাবলীও যাচাই করতে বলা হয়েছে কমিটিকে।
তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত শেয়ারের বিনিয়োগ তালিকা ও সেখান থেকে আসা আয় পর্যালোচনা করে দেখবে কমিটি।
তহবিলের অর্থ অসৎ কোনো উদ্দেশ্যে ব্যবহার বা বিনিয়োগ হয়েছে কি না, সেটিও দেখতে নির্দেশনা দিয়েছে বিএসইসি।
সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটির কর্মকর্তাদের ব্যাংক হিসাবের লেনদেনও দেখবে এই কমিটি।
