২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক কিছুটা কমেছে, লেনদেনও

লেনদেনে আসা ৩৯৫টি কোম্পানির মধ্যে দর বাড়ে ১৫৬টির; কমে ১৬৩টির; আর আগের দরে হাতবদল হয় ৭৬টির।

পুঁজিবাজারে সূচক কিছুটা কমেছে, লেনদেনও
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 05:31 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

টানা কয়েক দিন বাড়ার পর দেশের বড় পুঁজিবাজার— ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কিছুটা কমেছে। 

আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬০ পয়েন্ট হারিয়ে সোমবার প্রধান সূচক ডিএসইএক্স ঠেকেছে ৫ হাজার ৬১ পয়েন্টে। 

সকালে লেনদেন শুরুর পরেই তা সংশোধনে চলে যায়। বেলা সাড়ে ১১টার দিকে আগের দিনের চেয়ে কমে যায় সূচক। এরপর শেয়ার কেনার চাপ বাড়লে বেলা ১২টার দিকে হারানো সূচকের সবটাই ফিরে আসে।

এর আধা ঘণ্টা পর বিক্রির চাপ বাড়লে সূচক আবার কমে যায়। দিনশেষ হাতবদল হয় ৫৬৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিন ছিল ৬৬৫ কোটি ৯৯ লাখ টাকা।

ডিএসইর তথ্য বলছে, আগের দিনের চেয়ে লেনদেন বেড়ে যাওয়ায় সোমবার দ্বিতীয় স্থানে উঠে আসে বস্ত্র খাত। আর প্রথম স্থান ধরে রাখে ব্যাংক খাত। ওষুধ ও রসায়ন খাত ছিল তৃতীয় অবস্থানে।

দিন শেষে ব্যাংক খাতে ৮৩ কোটি ২০ লাখ টাকা, বস্ত্র খাতে ৬৪ কোটি ৪০ লাখ টাকা এবং ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় ৬১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার।

এদিন লেনদেনে আসা ৩৯৫টি কোম্পানির মধ্যে দর বাড়ে ১৫৬টির; কমে ১৬৩টির; আর আগের দরে হাতবদল হয় ৭৬টি।

দিন শেষে সবচেয়ে বেশি দর বাড়ার তালিকায় ছিল ড্যাফোডিল কম্পিউটার, অরামিট লিমিটেড ও রহিম টেক্সটাইল মিলস।

অন্যদিকে বেশি দর হারায় জুটস্পিনারস, রিজেন্ট টেক্সটাইলস ও অরামিট সিমেন্ট।