Published : 24 Mar 2026, 03:59 PM
এক সপ্তাহর ঈদের ছুটি শেষে লেনদেনের প্রথম দিনে ঢাকার পুঁজিবাজারে পতনের ধারা দেখা গেছে।
সূচকের পতন দিয়ে মঙ্গলবার সকালে লেনদেন শুরু হয়, দিনশেষে আগের চাইতে পয়েন্ট কমে ৬৮।
ঈদের আগে সবশেষ লেনদেনে সূচক ছিল ৫ হাজার ৩৫৩ পয়েন্ট। লেনদেনের শুরুতে পতনের ধারা থাকলেও সাড়ে ১১টা থেকে সামা্ন্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। এক ঘণ্টা বাদে ফের পতনের ধারায় যায় দেশের প্রধান পুঁজিবাজার।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তেল সংকট তো জাতীয় ক্রাইসিসে পরিণত হয়েছে, তার প্রভাবও পড়বে পুঁজিবাজারে- এটা স্বাভাবিক। সূচক যতটা পড়েছে আর সংশোধনের সুযোগ কম। আশা করছি, বাজার ভালো আচরণ করবে।”
ডিএসইর তথ্য বলছে, দিন শেষে মোট ৩৯১ প্রতিষ্ঠানের মধ্যে ১২১টির শেয়ার দর বাড়ে, কমে যায় ২৪৩টির এবং আগের দরে হাতবদল হয় ২৭টির।
এসময় শেয়ার হাতবদল হয় ৪৯২ কোটি ৪৭ লাখ টাকার; আগের কর্ম দিবসে এই পরিমাণ ছিল ৪৬০ কোটি ৩০ লাখ টাকা।
লেনদেনে শীর্ষে ছিল ব্যাংক খাত। দিন শেষে ৭১ কোটি ৩০ লাখ টাকার লেনদেন করে খাতটি।
এরপরে ওষুধ ও রসায়ন খাত ৬০ কোটি ৫০ লাখ টাকা এবং তৃতীয় অবস্থানে থাকা প্রকৌশল খাত লেনদেন করে ৫৬ কেটি ৬০ লাখ টাকা।
ডিএসইতে শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষে উঠে আসে এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড।
এরপরই রয়েছে আইএফআইসি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ও এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান।
অন্যদিকে শীর্ষ দর হারানোর তালিকায় রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও জিএসপি ফাইন্যান্স।