২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসইসির দুই কমিশনারের পদত্যাগ

দুজনের পদত্যাগপত্র গ্রহণ করে বিএসইসিকে চিঠি দিয়েছে অর্থমন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2024, 11:48 PM

Updated : 26 Aug 2026, 10:14 AM

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুই কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও রুমানা ইসলাম পদত্যাগ করেছেন।

সোমবার দুপুরে তাদের পদত্যাগপত্র গ্রহণ করে বিএসইসিকে জানিয়েছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর আগে শনিবার রাতে সংস্থাটির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামও পদত্যাগ করেন।

বিএসইসি মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুজনের পদত্যাগপত্র গ্রহণ করে কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে অর্থমন্ত্রণালয়।”

গণআন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রধানসহ নীতিনির্ধারক অনেক নির্বাহী পদত্যাগ করছেন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার নিয়োগ দেয় অর্থমন্ত্রণালয়। চার কমিশনার ও চেয়ারম্যান নিয়ে বিএসইসি কমিশন গঠিত হয়। নীতিনির্ধারণী যেকোনো সিদ্ধান্ত নিতে কমিশনের বৈঠক করে নেওয়ার আইনি বাধ্যবাধকতা আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদকে প্রথম দফায় ২০২০ সালের মে মাসে চার বছরের জন্য কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার। মেয়াদ শেষ হওয়ায় সবশেষ গত ২ জুন থেকে দ্বিতীয়বারে চার বছরের জন্য নিয়োগ পান চলতি বছরের এপ্রিল মাসে।

অপর কমিশনার অধ্যাপক রুমানা ইসলাম প্রথম নারী কমিশনার হিসেবে বিএসইসিতে সরকার নিয়োগ দেয় ২০২২ সালের মে মাসে। চার বছরের জন্য নিয়োগ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এ অধ্যাপকের মেয়াদ আর দুই বছর বাকি ছিল।