২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নীতিমালার কারণে যাতে কোম্পানি সমস্যায় না পড়ে: কমিশনার

সুশাসনের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

নীতিমালার কারণে যাতে কোম্পানি সমস্যায় না পড়ে: কমিশনার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 12:00 AM

Updated : 14 Oct 2022, 12:00 AM

অর্থায়নকে টেকসই করতে পরিবেশ সংরক্ষণে জোর দিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, পরিবেশসহ যেকোনো নীতিমালা যেন কোনো কোম্পানির জন্য সমস্যা হয়ে না দাঁড়ায়।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২২ উদযাপনের সমাপনী দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এদিনের আলোচনার প্রতিপাদ্য ছিল ‘টেকসই অর্থায়ন’।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৩ অক্টোবর থেকে দেশে বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করছে। বিনিয়োগকারীদের সচেতন করতে সপ্তাহজুড়ে এ উপলক্ষে বিভিন্ন সভা ও সেমিনারের আয়োজন করা হয়।

এদিনের আলোচনা সভা আয়োজন করে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল)।

সিডিবিএল এর ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিশনার শামসুদ্দিন বলেন, টেকসই অর্থায়নে সবাইকে অন্তর্ভুক্ত করতে। পরিবেশ নীতিমালা তৈরি করতে হবে। টেকসই  অর্থনীতির জন্য অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থাপনার কথাও ভাবতে হবে।

কোম্পানি ও পরিবেশের জন্য গাইডলাইন প্রসঙ্গে তিনি বলেন,  ‘‘গাইডলাইন খুব প্রয়োজনীয়, কিন্তু গাইডলাইন যেন এমন না হয় যে দেশ এবং দেশের কোম্পানিগুলো সমস্যায় পড়ে যায়।

“নীতিমালা হবে তা যেন আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের মধ্যে থেকেই হয়, যাতে আমাদের শিল্পায়ন ও প্রবৃদ্ধি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।‘’

সুশাসনের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করা এবং পরিবেশ বন্ডের সেবা ফি অন্যান্য বন্ডের চেয়ে কমানো প্রয়োজন বলেও মনে করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বলেন, গত কয়েক বছরে পুঁজিবাজারের আইনি বিধিবিধানের কাঠামো অত্যন্ত শক্তিশালী হয়েছে। এখন নতুন কমিশন তার কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়ন সুশাসনের জায়গাটি শক্তিশালী করছে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে।

‘‘তথ্য বিশ্লেষণে করেই বলা সম্ভব একটু একটু করে আমাদের পুঁজিবাজার সামনের দিকে যাচ্ছে। এক সময়ে দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস ও ভরসার জায়গা হবে দেশের পুঁজিবাজার।’’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ আহমেদ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ তারেক।

আলোচনায় অংশ নেন লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী ও আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান। এ অধিবেশনে সভাপতিত্ব করেন সিডিবিএলের ব্যাবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী।