ব্লক মার্কেটে বেক্সিমকো ফার্মার বড় অঙ্কের শেয়ার হাতবদল
আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট হারিয়ে মূল বাজারে মূল্যসূচক দাঁড়িয়েছে ৫ হাজার ১৭০।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বেক্সিমো ফার্মাসিউটিক্যালসের বড় অঙ্কের শেয়ার হাতবদল হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, সর্বনিম্ন ৮২ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৮৭ টাকা ৮০ পয়সা দরে এসব শেয়ার কেনাবেচা হয়।
আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অর্থসংকটসহ নানা সমস্যার মধ্য দিয়ে যাওয়া বেক্সিমকো গ্রুপের ১৬৯টি কোম্পানির মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে খুব একটা প্রভাব পড়েনি।
ঢাকার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি লাভজনক হওয়ায় সরকারও ইতিবাচক। তবে শ্রম অসন্তোষ ও নিয়মিত বেতন দিতে না পারায় বস্ত্র ও তৈরি পোশাক খাতের বেশকিছু কোম্পানির পরিচালনা স্বত্ব বিক্রির কথা ভাবছে সরকার।
সরকারের এমন চিন্তাভাবনার কারণে বেক্সিমকো গ্রুপের মালিকানা ও পরিচালনায় রদবদলের গুঞ্জনও আছে। এর মধ্যে সোমবার ব্লক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানিটির দুই কোটি ৩০ লাখ টাকার শেয়ার হাতবদল ঘটল। বিক্রি হওয়া শেয়ারের সংখ্যা দুই লাখ ৭৮ হাজার ৭৯৫টি।
এদিন মূল বাজারে প্রতিষ্ঠানটির শেয়ার দর ছিল ৮১ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৮৪ টাকা। সবশেষ শেয়ারটি ৮১ টাকা ৬০ পয়সা দরে শেয়ার লেনদেন শেষ করে।
আগের দিনের চেয়ে শেয়ারটির দর এক টাকা ৫০ পয়সা বা ১ দশমিক ৮১ শতাংশ কমে বেচাকেনা হয় মূল বাজারে। আগের দিন শেয়ারটির সর্বোচ্চ দর ওঠে ৮৩ টাকা ১০ পয়সা।
মূল বাজারের চেয়ে ব্লক মার্কেটে বিশেষ দরে বড় অঙ্কের শেয়ার একসঙ্গে হাতবদলের সুযোগ রয়েছে। কোনো কোম্পানির বেশি সংখ্যক শেয়ার হাতবদলের মাধ্যমে এটি ইঙ্গিত দেয় যে, নতুন কেউ প্রতিষ্ঠানটির মালিকানায় সম্পৃক্ত হচ্ছেন।
এদিকে মূল বাজারে লেনদেন ৩০০ কোটি টাকার ঘরে নেমে এলেও ব্লক মার্কেটে শেয়ার হাতবদল বেড়েছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও।
গত ২ ডিসেম্বর থেকে পরপর তিন দিন বড় লাফ দিয়ে সূচক ও লেনদেন বেড়েছিল ডিএসইতে। এর পর থেকে সূচক ওঠানামার মধ্যে ছিল।
মোট লেনদেন বেশিরভাগ দিন থাকে ৩০০ কোটি টাকার ঘরে। মাঝে ৪০০ কোটি টাকার ঘরে গেলেও তা স্থায়ী হচ্ছে না।
সোমবার মূল বাজার আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট হারিয়ে মূল্যসূচক দাঁড়িয়েছে ৫ হাজার ১৭০-এ। আগের দিন সূচক ছিল ৫ হাজার ১৯৬ পয়েন্ট। এ নিয়ে দুই দিনে ডিএসইর মূল্যসূচক কমল ৫১ পয়েন্ট।
এদিন লেনদেন হয় ৩০৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার, যার মধ্যে ব্লক মার্কেটে ২৫টি কোম্পানির ২২ কোটি ৩৬ লাখ টাকা বা মোট লেনদেনের ৭ দশমিক ২৭ শতাংশ শেয়ার হাতবদল হয়।
ব্লক মার্কেটে এ পরিমাণ লেনদেন সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ, যা সাধারণত মোট লেনদেনের ৪ থেকে ৫ শতাংশ হয়ে থাকে।
আগের দিন ডিএসই মূল বাজারে লেনদেন হয় ৩১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। এবি ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রেনেটা ও সোশ্যাল ইসলামী ব্যাংকের বড় অঙ্কের শেয়ার হাতবদল হয়।
সোমবার সবচেয়ে বেশি সাত কোটি ৩১ লাখ টাকার শেয়ার হাতবদল হয় সোশ্যাল ইসলামী ব্যাংকের। এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৮৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩২ লাখ টাকার শেয়ার বেচা-কেনা হয়।
এছাড়া ফাইন ফুডস, আল হাজ টেক্সটাইল, তামাক বিপণনকারী বিএটিবিসি, বিকন ফার্মা, ওরিয়ন ফার্মা ও মিডল্যান্ড ব্যাংকের শেয়ার হাতবদল হয় এ বাজারে।
মূল বাজারে মিশ্র ধারায় হাতবদল হয় ওষুধ ও রসায়ন খাত, ব্যাংক, বস্ত্র, প্রকৌশল ও বীমা খাতের শেয়ার। অধিকাংশ কোম্পানির শেয়ার দর হারানোয় আগের দিনের চেয়ে বাজার মূলধনও সামান্য কমেছে।
এ দিন লেনদেনে আসা ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বাড়ে ৯৯টির, কমে ২১৬টির এবং আগের দিনের দরে লেনদেন হয় ৮১টির।
সর্বোচ্চ ৫২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার হাতবদল করে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলো। দ্বিতীয় স্থানে থাকা বস্ত্র খাতে লেনদেন হয় ২৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। ২৮ কোটি টাকা লেনদেন করে ব্যাংক খাত।
ক্লোজিং প্রাইস বিবেচনায় শীর্ষ দর বৃদ্ধি কোম্পানির তালিকায় উঠে এসেছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো লিমিটেড, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল ইন্ডাস্ট্রি, সিমটেক্স ও দেশবন্ধু পলিমার।
অন্যদিকে ক্লোজিং প্রাইস বিবেচনায় শেয়ারদর হারানোয় শীর্ষে উঠেছে বিডিওয়েল্ডিং, ইউনিক্যাপ, সাফকো স্পিনিং মিল ও আইসিবি।
