২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বছরের সর্বনিম্ন লেনদেন পুঁজিবাজারে

চলতি বছরের সর্বনিম্ন সূচক ছিল সোমবার; ৪ হাজার ৭৭৬ পয়েন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2025, 06:03 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

বছরের সর্বনিম্ন লেনদেন দেখল দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বৃহস্পতিবার এ পুঁজিবাজারে শেয়ার হাতবদল হয় ২৫৩ কোটি ৫৪ লাখ টাকার। 

এদিন প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে। আগের দিন ছিল ৪ হাজার ৮০১ পয়েন্ট। 

চলতি বছরের মধ্যে সর্বনিম্ন সূচক ছিল সোমবার; ৪ হাজার ৭৭৬ পয়েন্ট। 

এর আগে চলতি বছর সর্বনিম্ন শেয়ার লেনদেন হয় গত ১৭ মে। সেদিন হাতবদল হওয়া শেয়ারের মূল্য ছিল ২৬২ কোটি ৮৬ লাখ টাকা। 

আগের দিন বুধবার লেনদেন হয় ৩২৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। এর আগে টানা ছয় দিন তিনশ কোটি টাকার নিচে লেনদেন হয় ডিএসইতে।

গত ১৪ মে ডিএসই লেনদেন এ বছরে প্রথমবার ৩০০ কোটি টাকর নিচে নেমে হয় ২৯৪ কোটি ১৭ লাখ টাকা।

৬ মে একদিনে দেড়শ পয়েন্ট হারিয়েছিল সূচক। পরের দুই দিনে ১১৯ পয়েন্ট ফিরে পেলেও তারপর ফের পতন শুরু হয়। সেই পতনের রেশ এখনো কাটাতে পারেনি বাজার।

গত ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে পুঁজিবাজারের লেনদেন বাড়তে থাকে। বেশ কয়েক দিন দুই হাজার কোটি টাকার ঘরেও লেনদেন হয়।

এর এক মাস বাদে সেই প্রবণতায় ছন্দপতন ঘটে, লেনদেন নেমে আসে তিনশ কোটি টাকার ঘরে। কয়েক দিন আড়াইশ কোটি টাকার মতও লেনদেন হয়। মাঝে মাঝে এ পরিমাণ চারশ কোটি টাকার ঘরে উঠলেও তা টেকসই হয়নি।

গত মাসে চারশ থেকে সাড়ে ৪০০ কোটি টাকার ঘরে লেনদেন হলেও বেশির ভাগ সময়েই চারশ কোটির নিচেই ছিল।

সপ্তাহের শেষ কর্মদিবসে ৩৯১টি কোম্পানির মধ্যে শেয়ার দর বাড়ে ১১৪টির, কমে ২০০টির, আর আগের দরে লেনদেন করে ৭৭টি।

সবচেয়ে বেশি হাতবদল হয় ওষুধ ও রসায়ন, খাদ্য ও আনুষঙ্গিক খাত এবং প্রকৌশল খাতের কোম্পানির শেয়ার। 

মোট লেনদেনের ১৭ দশমিক ৪৪ শতাংশ (৪৩ কোটি ৩০ লাখ টাকা) শেয়ার হাতবদল করে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলো। 

এদিন দর বৃদ্ধিতে শীর্ষ তিন কোম্পানির তালিকায় রয়েছে সোনারগাঁও টেক্সটাইলস, বসুন্ধরা পেপার মিলস ও বেঙ্গল উইন্ডশোর থার্মোপ্লস্টিকস। 

সবচেয়ে বেশি দর হারিয়েছে ইউনাইটেড ফাইন্যান্স, দুলামিয়া কটন ও  আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।