২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার কারসাজি: মুনাফার দ্বিগুণ জরিমানার তাগিদ

কীভাবে বাজারকে গতিশীল করা যায় তা নিয়ে ভাবতে হবে বিএসইসিকে, বলেন সালমান এফ রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 10:48 PM

Updated : 12 Oct 2022, 10:48 PM

পুঁজিবাজারে সুশাসনে জোর দিতে শেয়ার কারসাজির মাধ্যমে অর্জিত মুনাফার দ্বিগুণ জরিমানার তাগিদ এসেছে এক ওয়েবিনারে।

বুধবার বিকালে ‘ইনভেস্টর রেজিলেন্স: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচ্যুনিটিজ’ শীর্ষক এ ওয়েবিনারে সরকারের নীতি নির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থার কর্তাব্যক্তিদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান, যিনি ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিএসইসির কমিশনার ছিলেন।

আলোচনায় আরও কয়েকজন বক্তা পুঁজিবাজারে শেয়ার কারসাজির বিষয়টি তুলে ধরেন। তারা এবিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে আরও যথাযথ পদক্ষেপ গ্রহণ ও কঠোর হওয়ার পরামর্শ দেন।

ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২২’ উদযাপনের ধারাবাহিকতায় ওয়েবিনারটির আয়োজন করে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)।

আলোচনায় সালমান রহমান বিএসইসির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, “সব কাজ হতে হবে স্বচ্ছ প্রক্রিয়ায়। সবাই প্রক্রিয়াটা দেখতে চায়। পুঁজিবাজারের অংশীজনরা কীভাবে কাজ করতে পারে; কীভাবে বাজারকে গতিশীল করা যায় তা নিয়ে ভাবতে হবে বিএসইসিকে।”

দেশের পুঁজিবাজারে বিনিয়োগে বৈচিত্র আনার প্রসঙ্গে তিনি বলেন, “অন্যান্য দেশের পুঁজিবাজারে ইক্যুইটি, মিউচুয়াল ফান্ডের মত ফিক্সড ইনকামসহ অনেক উপকরণ রয়েছে বিনিয়োগের। সেখানে তারা ক্যাপিটাল গেইনকে প্রাধান্য দেয়। তারা ডিভিডেন্ড নিয়ে ভাবে না। কিন্তু আমাদের দেশে ডিভিডেন্ড (লভ্যাংশ) না দিলে কোম্পানি হিসেবে আপনি পেনালাইজড (জরিমানার শিকার)।”

বহুজাতিক ও নতুন কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে উৎসাহ দিতে সুবিধা প্রদানসহ বিভিন্ন ইস্যুও উঠে আসে প্যানেল আলোচনায়।

তারা বর্তমান ব্যবসা পরিস্থিতি ও বিদেশি বিনিয়োগের বিভিন্ন দিক তুলে ধরে ব্যবসার পরিবেশ আরও উন্নত করতে এবং খরচ কমিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।

নতুন কোম্পানির পুঁজিবাজারে আসা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান রহমান বলেন, “আমি স্থানীয় ওষুধ কোম্পানি ও অনেক বহুজাতিকের সঙ্গে কথা বলেছি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহী করতে। তারা বলছে, বিএসইসির বর্তমান সিস্টেমে কোম্পানি ভ্যালুয়েশন করলে সম্পদ মূল্য কমে যাবে। এটিতে তারা আগ্রহী নন।

“দ্বিতীয় আরেকটি বিষয় তারা জানিয়েছে, কোম্পানিগুলো প্রতি বছর ডিভিডেন্ড দেয় না। তারা বছর শেষে হওয়া মুনাফা রি ইনভেস্ট (পুনঃবিনিয়োগ) করে। কিন্তু এখানে তো ডিভিডেন্ড দিতে হবে।”

সামনে অর্থনীতির চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে তিনি বলেন, “২০২৩ সাল খুব বেশি চ্যালেঞ্জিং হবে, বিশেষ করে খাদ্য বড় ইস্যু হয়ে দেখা দেবে। কীভাবে এই চ্যালেঞ্জ পার করব তা নিয়ে ভাবতে হবে। এজন্য সবাইকে কাজ করতে হবে।”

প্যানেল আলোচনায় আরিফ খান বলেন, “আমাদের বন্ড মার্কেট দাঁড়ায়নি। মিউচুয়াল ফান্ড এখন মোট বাজার মূলধনের মাত্র ৮ শতাংশ। ভালো মানের কোম্পানি বাজারে তালিকাভুক্ত করতে হবে এজন্য তাদের ‍কিছু সুবিধাও দিতে হবে। আর কারসাজি নিয়ন্ত্রণে বিএসইসির উদ্যোগ আরও বাড়াতে হবে।”

কারসাজির মাধ্যমে যারা মুনাফা করছে, তারা বাজারকে নষ্ট করছে এবং যে মুনাফা তারা করছে, তার চেয়ে দ্বিগুণ অঙ্ক জরিমানা করা প্রয়োজন, নইলে তারা এ পথ থেকে সরে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।

পুঁজিবাজারে কারসাজির প্রসঙ্গে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত বলেন, “আমরা দিনের পর দিন শক্তিশালী হচ্ছি। কারসাজির বিষয়টি প্রথমে শনাক্ত করে স্টক এক্সচেঞ্জগুলো। তারা প্রতিবেদন জমা দেওয়ার পর অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগে। আবার বাস্তবতার সাথে আমাদের অনেক কিছু এডজাস্ট করে নিতে হয়।”

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বিনিয়োগ শিক্ষা গ্রহণ করে ব্যক্তি বিনিয়োগকারীদের সোশাল মিডিয়া ও গুজব নির্ভর সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান।

গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরে বাংলাদেশি কোম্পানিকে গ্যাস অনুসন্ধানে আরও বেশি কাজে লাগানোর পরামর্শ দেন বিএপিএলসির সাবেক সভাপতি আজম জে চৌধুরী।

অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও বিএপিএলসির ভাইস চেয়ারম্যান সৈয়দ নাসিম মঞ্জুরের সঞ্চালনায় ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোমিনুল ইসলাম।

সভাপতিত্ব করেন বিএপিএলসির প্রেসিডেন্ট ও এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলা।