পুঁজিবাজার: টানা পতনের কারণ খুঁজতে তদন্ত কমিটি
চার বছরের মধ্যে সর্বনিম্ন সূচক এখন ঢাকা স্টক এক্সচেঞ্জে।
পুঁজিবাজারে টানা দরপতনের কারণ অনুসন্ধানে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)।
এ কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘বাজার পতনের নেপথ্য কারণ বের করে প্রতিবেদন দেবে চার সদস্যর কমিটি।’’
রোববার রাতে গঠিত এ কমিটির সদস্যরা হলেন- বিএসইসির পরিচালক মোহাম্মদ শামছুর রহমান, উপপরিচালক মোহাম্মদ ওরাইছুল হাসান রিফাত, ঢাকা স্টক এক্সচেঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সহকারী মহাব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন।
সাম্প্রতিক সময়ে টানা পতনের কারণ অনুসন্ধান, বাজার নিয়ে গুজব ছড়ানো ব্যক্তিদের শনাক্ত করা, বাজার পতনে অনুঘটক হিসেবে কী কাজ করছে তা শনাক্ত করা এবং বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কমিশনের করণীয় সুপারিশ আকারে জানাতে হবে এই কমিটিকে।
দুই মাসেরও বেশি সময় ধরে পুঁজিবাজারে চলা পতন থামছে না কোনো উদ্যোগেই। এরইমধ্যে রোববার একদিনে সূচক পড়েছে ১৪৯ পয়েন্ট, তাতে প্রধান মূল্যসূচক এখন পাঁচ হাজার পয়েন্টের নিচে অবস্থান করছে। গত চার বছরের মধ্যে এটিই সূচকের সর্বনিম্ন অবস্থান।
প্রতিদিনই বেশিরভাগ শেয়ারের দরপতন হওয়ায় লেনদেন কমে ৩০০ কোটি টাকার আশপাশে অবস্থান করছে। এ অবস্থায় পতনের কারণ ও করণীয় জানতে চাইছে নিয়ন্ত্রক সংস্থা।
