Published : 07 Jun 2026, 05:11 PM
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে রোববার চিঠি দিয়ে তিনি এ আশ্বাস দিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের সময়ে বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব পান ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ। টানা ২১ মাস দায়িত্ব পালন করে গত বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন।
দায়িত্ব পালনের সেই অভিজ্ঞতা তুলে ধরে চিঠিতে রাশেদ মাকসুদ লেখেন, “একটি শক্ত ভিত্তি আনতে ২০২৪ সালের অগাস্টের পুরো বিপর্যস্ত পরিস্থিতি থেকে—আমরা বিগত বছরগুলোতে নিরলসভাবে কাজ করেছি, যার ওপর ভর করে আপনি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন।
“এই ভিত্তি তৈরিতে আমরা অতি দরকারি নিয়মকানুন সংস্কার, নীতি সহজীকরণ, হস্তক্ষেপ দূরীকরণ, বাজারের কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিনিয়োগকারীদের শিক্ষা কার্যক্রম নতুন করে সাজানোর মতো কাজগুলো করেছি।”
নতুন প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার ক্ষেত্র এখন প্রস্তুত মন্তব্য করে রাশেদ মাকসুদ লিখেছেন, “নতুন আইপিও এবং মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে পুঁজিবাজার এখন যাত্রা করার জন্য প্রস্তুত। আমার বিশ্বাস, আপনার বিশাল অভিজ্ঞতা দিয়ে অদূর ভবিষ্যতে বাজারকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবেন।
“আপনার যদি কখনো কোনো তথ্য বা সহযোগিতার প্রয়োজন হয়, আমি সবসময় পাশে আছি; কারণ বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন প্রশ্নে আমার সমর্থন আছে ও সম্পূর্ণরূপে আমি প্রতিশ্রুতিবদ্ধ ।”