লেনদেনে বিঘ্ন: তদন্ত চলাকালে ‘ছুটিতে’ ডিএসইর সিটিও
সভায় ডিএসইর আইটি কার্যক্রমকে যুগোপযোগী করতে দক্ষ মানবসম্পদ নিয়োগের নির্দেশ দিয়েছে বিএসইসি।
তিন কার্যদিবসের মধ্যে দুইবার লেনদেনে বিঘ্নের ঘটনায় ‘বাধ্যতামূলক ছুটিতে’ পাঠানো হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) জিয়াউল করিমকে।
সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ডিএসইর আইটি কার্যক্রম নিয়ে সভায় অসন্তোষ প্রকাশ করা হয়। কমিশন বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় তদন্ত কমিটি গঠন করেছে। তাই তদন্ত সংক্রান্ত বিষয়গুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিএসই এর সিটিওকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।’’
এ বিষয়ে আদেশ জারি করে রাতেই ডিএসইতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গত রোববার ৭০টির পরিবর্তে সব সিকিউরিটিজের সার্কিট ব্রেকার তুলে দেওয়ায় নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা দেরিতে লেনদেন শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পরে ‘ভুলবশত’ হয়েছে বলে স্টক এক্সচেঞ্জের পক্ষে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর তিন কার্যদিবস আগে গত ২৪ অক্টোবর সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় দিনের মধ্যখানে প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল ডিএসইর লেনদেন। তখন ডিএসই ‘কারিগরি ত্রুটি’র কথা জানিয়েছিল।
ওই ঘটনার পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
ডিএসইর পুরো প্রযুক্তি ব্যবস্থা (আইটি সিস্টেম) এর সক্ষমতা যাচাই করতে এ কমিটি গঠন করা হয়। প্রধান স্টক এক্সচেঞ্জের সার্ভার কেন বারবার লেনদেনে বিঘ্ন ও বন্ধ হচ্ছে তা ৩০ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।
রোববারে ফের লেনদেন বিঘ্ন ঘটার বিষয়টি সোমবারের নিয়মত কমিশন সভায় আলোচনা হয়। আগারগাঁওতে বিএসইসি কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারমান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
পরে সভার সিদ্ধান্ত জানিয়ে রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই এর সিটিওকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিষয়টি জানানো হয়।
এছাড়া সভায় ডিএসইর আইটি কার্যক্রমকে যুগোপযোগী করতে এ বিভাগে দক্ষ মানবসম্পদ নিয়োগে স্টক এক্সচেঞ্জের পর্ষদকে নির্দেশ দেওয়া হয় বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
