০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

অধিনায়ক বলেই ইউনাইটেডে ম্যাগুইয়ারের ‘জায়গা পাকা নয়’

ফরাসি ডিফেন্ডার ভারানের ওপরই বেশি আস্থা ইউনাইটেড কোচের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 04:36 PM

Updated : 27 Aug 2022, 04:36 PM

দলগতভাবে তো বটেই, ব্যক্তিগতভাবেও গত মৌসুমটা খুব খারাপ কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুইয়ারের। এবারও শুরুটা ভালো হয়নি। সবশেষ ম্যাচে তো মাঠে নামারই সুযোগ হয়নি। সাউথ্যাম্পটনের বিপক্ষে লড়াইয়ের আগে ইংলিশ এই ডিফেন্ডার শুনলেন কোচের সতর্কবার্তা। কোনোরকম রাখঢাক না করে এরিক টেন হাগ বলে দিলেন, কেবল অধিনায়ক হওয়ার কারণে দলে জায়গা মিলবে না কারোর।

চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে ইউনাইটেড। ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়নের বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে আসর শুরু করে দলটি। দ্বিতীয় রাউন্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয় তারা। এই দুই ম্যাচেই ইউনাইটেডের শুরুর একাদশে ছিলেন ম্যাগুইয়ার।

কিন্তু তার পারফরম্যান্স ছিল সাদামাটা। ফলাফল- লিভারপুলের বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচে তার জায়গা হয় বেঞ্চে। দলের ২-১ গোলে জেতা ওই ম্যাচে তাকে বদলি হিসেবেও নামাননি কোচ।

সাউথ্যাম্পটনের বিপক্ষে শনিবার মাঠে নামবে ইউনাইটেড। তার আগের দিন টেন হাগ যা বললেন, তাতে পরিষ্কার আস্থা তার আরেক সেন্টার-ব্যাক রাফায়েল ভারানের ওপরই বেশি।

“অধিনায়ক মানেই সব ম্যাচে খেলার নিশ্চয়তা নয়। বিশেষ করে ভারানেও যেখানে স্কোয়াডে আছে। আমাদের হাতে বিকল্প আছে।”

ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য ভারানের গুণের কথা তুলে ধরেন টেন হাগ। সেই সঙ্গে বলেন, দলের মধ্যে এমন প্রতিযোগিতার গুরুত্বের কথা।

“ভারানে উঁচু মানের খেলোয়াড় এবং প্রাক-মৌসুমে আমরা তাকে শারীরিকভাবেও শক্ত করে গড়ে তোলার কাজ করেছি, কেননা এখানে তার শুরুটা একটু ধীর ছিল। (লিভারপুলের বিপক্ষে) দলের প্রয়োজনের সময় সে ঠিক জায়গায় ছিল।”

“তার প্রোফাইল, তার মান এবং অতীতে এখন পর্যন্ত সে যা কিছু জিতেছে, সবকিছু প্রমাণ করে যে সে সত্যিই তার দলে জন্য অবদান রাখতে পারে। দলের মধ্যে প্রতিযোগিতা আছে এবং আমাদের সেটা দরকার।”