২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক সূচিতে পরিবর্তন চান শাভি

খেলোয়াড়দের চোট সমস্যা এড়াতে বছরের একটি নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক ফুটবল আয়োজনের পক্ষে বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2022, 08:43 PM

Updated : 02 Oct 2022, 07:57 AM

ফুটবলের আন্তর্জাতিক বিরতিতে কয়েকজন খেলোয়াড় হারিয়ে ক্লাব ও জাতীয় দলের সূচির পুরনো বিতর্ক আবার উসকে দিলেন বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস। খেলোয়াড়দের রক্ষায় আন্তর্জাতিক ফুটবল আয়োজনে খুব দ্রুত একটা পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার।

সবশেষ সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ ও উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলতে ক্লাব ছেড়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেন খেলোয়াড়রা। এই সময়ে চোট পেয়ে বার্সেলোনার চার জন খেলোয়াড় ছিটকে গেছে।

দলটির চোট পাওয়া চার খেলোয়াড় হলেন রোনালদ আরাহো, মেমফিস ডিপাই, ফ্রেংকি ডি ইয়ং ও জুল কুন্দে। আর এই সপ্তাহে অনুশীলনের সময় চোট পেয়েছেন এক্তর বেইয়েরিন।

এর মধ্যে ডিফেন্ডার আরাহো মাঠের বাইরে চলে গেছেন লম্বা সময়ের জন্য। ডান ঊরুতে অস্ত্রোপচার করানো হয়েছে তার। আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয় কাতার বিশ্বকাপে তার খেলা নিয়েও জেগেছে প্রবল শঙ্কা।

সাধারণত সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও মার্চে আন্তর্জাতিক ফুটবলের সূচি থাকে। আর বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো হয় গ্রীষ্মে।

লা লিগায় বার্সেলোনা শনিবার খেলবে রিয়াল মায়োর্কার বিপক্ষে। এই ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে শাভি বলেন, আন্তর্জাতিক ফুটবলের জন্য বছরের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা উচিত।

“ফিফার প্রতি দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে, শুরু থেকেই সেটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু এমন একটি পঞ্জিকাবর্ষ হতে পারে, যেখানে জাতীয় দলগুলো এক থেকে দেড় মাস একসঙ্গে খেলবে।”

“এরপর বছরের বাকি সময় ক্লাবগুলো পাবে খেলোয়াড়দের। এর ফলে তারা শুধু একটি সময়ে জাতীয় দলের সঙ্গে থাকবে। আমি মনে করি, এটি একটি ভালো সমাধান হবে, তবে বিষয়টি আমার ওপর নির্ভর করে না।”

এখন থেকে আগামী ৯ নভেম্বর- বিশ্বকাপের বিরতির আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি ম্যাচ খেলবে বার্সেলোনা। এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে দুটি ম্যাচ ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগামী ১৬ অক্টোবরের ক্লাসিকো।

ক্লাসিকোতে আরাহোকে না পেলেও অন্যদের পাওয়ার ব্যাপারে আশাবাদী শাভি।

“এটি হতাশাজনক। আরাহো (রিয়াল) মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে ফিরবে না, এটা নিশ্চিত। তবে অন্যদের সুযোগ থাকতে পারে, নির্ভর করছে তাদের সেরে ওঠার ওপর।”

“এসব চোটের অনেক কারণ রয়েছে। আমরা মূল কারণ জানি না। দীর্ঘ ভ্রমণ, বিভিন্ন কৌশল নিয়ে কাজ করা, অনেক ম্যাচের চাপও এর কারণ হতে পারে।”

চোটের থাবায় দল জেরবার হলেও শাভির বিশ্বাস, সামনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তার দল প্রস্তুত।

চলতি মৌসুমে লা লিগায় এখনও অপরাজিত আছে বার্সেলোনা। ছয় ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে শাভির দল। প্রতিপক্ষের জালে ১৮ বার বল পাঠিয়ে তারা গোল হজম করেছে মাত্র এক গোল।

সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল।

মায়োর্কা ম্যাচের পর কাতালান ক্লাবটির পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে, ইন্টারের বিপক্ষে।