২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা দলে নতুন মুখ আলমাদা

চলতি মাসের শেষ দিকের দুটি ম্যাচের জন্য ৩২ সদস্যের দল দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 08:50 PM

Updated : 05 Sep 2022, 09:12 PM

কাতার বিশ্বকাপের জন্য দল গুছিয়ে নেওয়ার শেষ ধাপে পৌঁছে গেছে দেশগুলো। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে খেলোয়াড়দের যাচাই বাছাইয়ের শেষ পর্বে চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেজন্য দীর্ঘ পরিসরে দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

মায়ামিতে আগামী ২৩ সেপ্টেম্বর হন্ডুরাসের বিপক্ষে এবং তার চার দিন পর নিউ ইয়র্কে জ্যামাইকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটির জন্য রোববার ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন স্কালোনি।

এই দলে একমাত্র চমক বলা যায় মেজর লিগ সকারে (এমএলএস) খেলা থিয়াগো আলমাদার ডাক পাওয়া। জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা এই উইঙ্গার খেলেন যুক্তরাষ্ট্রের ক্লাব আটলান্টা ইউনাইটেডে। দলটির হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন তরুণ এই মিডফিল্ডার।

আক্রমণভাগেও খেলতে সমান পারদর্শী ২১ বছর বয়সী এই ফুটবলার এমএলএস-এর এবারের আসরে এখন পর্যন্ত ১০টি অ্যাসিস্ট করেছেন। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দল ও টোকিও অলিম্পিকসে খেলা আলমাদার জাতীয় দলে ডাক পাওয়াটা তাই অনেকের কাছে প্রত্যাশিতই ছিল।

ক্লাব ফুটবলে সবসময় বড় নাম হলেও আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি দিবালা। জায়গা পাকা করতে পারেননি জাতীয় দলে। তবে গত জুনে ফিনালিস্সিমায় ইতালির বিপক্ষে দলের ৩-০ ব্যবধানে জয়ে বদলি নেমেই গোল করে প্রশংসা কুড়ান তিনি।

ইউভেন্তুস থেকে এবারের দলবদলে রোমায় যোগ দিয়ে সেখানে দ্রুত মানিয়ে নিয়েছেন দিবালা। তার পারফরম্যান্সে দারুণ খুশি রোমার কোচ জোসে মরিনিয়ো। কদিন আগে তিনি বলেন, আসছে বিশ্বকাপে দিবালা হতে পারে আর্জেন্টিনার বড় অস্ত্র। এবার সেটাই তার মাঠে করে দেখানোর পালা।

দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নেতৃত্বভার যথারীতি থাকছে লিওনেল মেসির কাঁধে। তাদের আক্রমণভাগে আরও আছে আনহেল কোররেয়া, নিকোলাস গনসালেস, হোয়াকিন কোররেয়া, লাওতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস।

আগামী ২০ নভেম্বর শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। তাদের সঙ্গে আছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুস্সো, জেরোনিমো রুলি

ডিফেন্ডার: গনসালো মনতিয়েল, নাহুয়েল মোলিনা, হেরমান পেস্সোইয়া, ফাকুন্দো মেদিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নেহুয়েন পেরেস, লুকাস মার্তিনেস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, এনসো ফের্নান্দেস, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, আলেহান্দ্রো গোমেস, জিওভানি লো সেলসো, আলেক্সিস মাক আলিস্তের, আনহেল দি মারিয়া

ফরোয়ার্ড: পাওলো দিবালা, আনহেল কোররেয়া, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, নিকোলাস গনসালেস, হোয়াকিন কোররেয়া, লাওতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস