২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে ‘আনন্দ খুঁজে পেতে’ সিটি ছেড়েছেন স্টার্লিং

সিটিতে শেষ সময়ে অভিমানের পাহাড় জমেছিল স্টার্লিংয়ের মনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2022, 09:03 PM

Updated : 20 Aug 2022, 09:03 PM

পরিশ্রম করছেন, কিন্তু যথার্থ প্রতিদান মিলছে না। ম্যানচেস্টার সিটিতে ঠিক এই অনুভূতিই হচ্ছিল রাহিম স্টার্লিংয়ের। অভিমানের পাহাড় বুকে নিয়ে তাই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন। স্ট্যামফোর্ড ব্রিজের দল চেলসিতে যোগ দিয়ে এখন তিনি যেন প্রাণ ফিরে পেয়েছেন।

চলতি গ্রীষ্মে ৫ কোটি পাউন্ডে সিটি ছেড়ে চেলসিতে যোগ দেন স্টার্লিং। যদিও ২৭ বছর বয়সী এই ফুটবলার ক্যারিয়ারের সেরা সময়টা পার করেছেন সিটিতেই। ইতিহাদ স্টেডিয়ামের দলটিতে খেলেছেন টানা সাত বছর।

কিন্তু একটা সময় ইংলিশ উইঙ্গার আবিস্কার করলেন, সব কিছু কেমন বাধা পড়ে গেছে নির্দিষ্ট ছকে। বিশেষ করে পরিশ্রমের প্রতিদান পাচ্ছেন না ঠিকঠাক। শুরুর একাদশে সুযোগ মিলছে না নিয়মিত। যা কখনোই পছন্দ ছিল না স্টার্লিংয়ের।

গত মৌসুমে লিগে যেমন মাত্র ২৩ ম্যাচে শুরুর একাদশে ছিলেন স্টার্লিং। বিষয়টা কুড়েকুড়ে খাচ্ছিল তাকে। তাই এভাবে আর চালিয়ে যেতে চাননি তিনি। শনিবার স্কাই স্পোর্টসে প্রকাশিত সাক্ষাৎকারে সিটি ছাড়ার পেছনে এই কারণগুলোই তুলে ধরেছেন স্টার্লিং।

“যখন কেউ হৃদয় দিয়ে খেলে, বাচ্চাদের জন্মদিনের মতো ব্যপারগুলোও ত্যাগ স্বীকার করে এবং এরপর একটা নির্দিষ্ট আচরণই মেলে, এটা খুবই দুঃখজনক।”

ওই সময়টায় মনের ওপর দিয়ে ঝড়ই বয়ে গেছে বলে স্বীকার করেন স্টার্লিং। তবে এখন তাকাতে চান সামনে।

“আমি এখন শুধু বর্তমানের দিকে মনোযোগ দিতে পারি, যেটা এখন আর এই চেলসিতে। এখানে আমি আবারও নিজের প্রতিভা মেলে ধরার সুযোগ পেয়েছি। ফুটবল খেলে সুখী হতে না পারলে অবশ্যই আনন্দ ফিরে পেতে নতুন কিছু ভাবতে হবে। আমি ঠিক এটাই করেছি।”

লিভারপুল ছেড়ে ২০১৫ সালে সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ৩৩৯ ম্যাচ খেলে ১৩১ গোল করেছেন স্টার্লিং।