চমৎকার ২ গোলে ২০০ ছাড়িয়ে ডে ব্রুইনে, জয়ের পথে বেলজিয়াম
গোল পেয়েছেন দেশটির সোনালী সময়ের আরেক তারকা রোমেলু লুকাকুও।
জয়ে আসর শুরুর পর, ফ্রান্সের বিপক্ষে হারের তেতো স্বাদ। আবার জয়ে ফেরার তাড়নায় দলকে পথ দেখালেন কেভিন ডে ব্রুইনে। তারকা মিডফিল্ডারের কাঁধে চেপে তুরস্ককে হারিয়ে দিল বেলজিয়াম।
ঘরের মাঠে শুক্রবার উয়েফা নেশন্স লিগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে বেলজিয়াম।
জোড়া গোল করেছেন ডে ব্রুইনে, বদলি নেমে তৃতীয় গোলটি করেন রোমেলু লুকাকু।
একই সময়ে শুরু আরেক ম্যাচে ইতালির সঙ্গে ১-১ ড্র করেছে ফ্রান্স। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপে শীর্ষে আছে ফরাসিরা।
৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বেলজিয়াম। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইতালি। তিন ম্যাচেই হেরেছে তুরস্ক।
একক নৈপুণ্যে দশম মিনিটে দলকে এগিয়ে নেন ডে ব্রুইনে। দদি লুকেবাকিওকে বল বাড়িয়েই ছুটে যান তিনি, এগিয়ে যাওয়ার পথে ছোট ফিরতি পাস পেয়ে, একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে আরেকজন বাধা দেওয়ার আগেই নেন জোরাল শট। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে।
এরই সঙ্গে ক্যারিয়ারে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ডে ব্রুইনে।
৫৯তম মিনিটে ডে ব্রুইনের দ্বিতীয় গোলটি আরও দুর্দান্ত। ডি-বক্সে সুযোগ পেয়েও বল ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। প্রতিপক্ষের পাস পেয়েই জোরাল শট নেন নাপোলি তারকা, বল কাছের পোস্ট দিয়ে ক্রসবার ঘেঁষে ঠিকানা খুঁজে পায়। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।
জাতীয় দলের হয়ে ডে ব্রুইনের মোট গোল হলো ৪০টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০১টি।
এর পরপরই বদলি নামেন লুকাকু এবং ৭৬তম মিনিটে ব্যবধান বাড়িয়ে তুরস্কের ঘুরে দাঁড়ানোর আশা একরকম শেষই করে দেন তিনি। সতীর্থের পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে, নিখুঁত টোকায় কেবল বলের দিক পাল্টে দেন অভিজ্ঞ স্ট্রাইকার।
জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ৯৪টি, বেলজিয়ামের রেকর্ড।
এবারের আন্তর্জাতিক বিরতিতে শেষ ম্যাচে আবার ফ্রান্সের বিপক্ষে খেলবে বেলজিয়াম। আর ফের ইতালির মুখোমুখি হবে তুরস্ক।
