‘গোটা দলের খেলা উন্নত করে দিয়েছে কাসেমিরো’
ব্রাজিলিয়ান মিডফিল্ডারের ছোঁয়ায় বদলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড, বলছেন হ্যারি ম্যাগুইয়ার।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্যবদলে বড় ভূমিকা কাসেমিরোর। তবে মাঠে নিজের ভূমিকার কারণেই কখনও তিনি পার্শ্বনায়ক, কখনও আড়ালের নায়ক। সেই তিনি এবার দুর্দান্ত পারফরম্যান্সে দলের জয়ের মূল নায়ক। এফএ কাপের ম্যাচে তার জোড়া গোলের পর ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুইয়ার বলছেন, কাসেমিরো একাই বদলে দিয়েছেন গোটা দলের খেলা।
এফএ কাপে চতুর্থ রাউন্ডের ম্যাচে শনিবার কাসেমিরোর অসাধারণ পারফরম্যান্সে রিডিংকে ৩-১ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড।
এমনিতে কাসেমিরোর মূল কাজ গোল বানিয়ে দেওয়া কিংবা গোল করার ক্ষেত্র তৈরি করা, প্রতিপক্ষের গোলের সম্ভাবনা ধ্বংস করা। তবে এই ম্যাচে তিনি করেন দারুণ দুটি গোল। আরেকটি গোল করেন তার ব্রাজিলিয়ান সতীর্থ ফ্রেদ।
এ দিন শুরু থেকে বেশ কিছু আক্রমণ করেও গোল পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয় ইউনাইটেডকে। প্রথমার্ধে অবশ্য একবার জালে বল প্রবেশ করাতে পেরেছিলেন মার্কাস র্যাশফোর্ড। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল করে দেয় ভিএআর। ইউনাইটেডের প্রথম ফুটবলার হিসেবে তাই টানা ১০ ম্যাচে গোলের কীর্তি তার আর গড়া হয়নি।
৫৪তম মিনিটে আন্তোনির দুর্দান্ত পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন কাসেমিরো। মিনিট চারেক পরই ২৫ মিটারের বেশি দূর থেকে সরাসরি শটে তিনি ব্যবধান করেন দ্বিগুন। পরে ফ্রেদ চোখধাঁধানো ব্যাক হিলে গোল করে দলকে এগিয়ে নেন আরও।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে ইউনাইটেডে কাসেমিরোর দলবদলে সমালোচনা কম হয়নি। ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান নিজের সেরা সময়কে পেছনে ফেলে এসেছেন বলেই মনে করছিলেন অনেকে। ক্যারিয়ারের এই পর্যায় প্রথমবারের মতো ইংলিশ ফুটবলে এসে তিনি কেমন করবেন, এই সংশয়ও ছিল তুমুল। কিন্তু নিজের জাত চেনাতে সময় নেননি তিনি।
নতুন ক্লাবে, নতুন পরিবেশে দ্রুতই মানিয়ে নেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সে রিয়ালের মতো এখানেও হয়ে ওঠেন দলের প্রাণভ্রোমরা। খাদের কিনারা থেকে এই মৌসুমে ইউনাইটেডের যে ঘুরে দাঁড়ানো, সেখানে বড় অবদান কাসেমিরোর। রিডিংয়ের বিপক্ষে ম্যাচের পর সেটিই তুলে ধরলেন ম্যাগুইয়ার।
“তাকে যে কারণে ক্লাবে আনা হয়েছে, সেটিই করে চলেছেন তিনি। অসাধারণ এক ফুটবলার। শীর্ষ পর্যায়ের ফুটবলার না হলে তো এত এত ট্রফি তিনি জিততে পারতেন না! গোটা দলের খেলা সে উন্নত করে দিয়েছে, দলের পারফরম্যান্স ও মনোবল বাড়িয়ে দিয়েছে। তাকে পাওয়া আমাদের জন্য দারুণ।”
কোচ এরিক টেন হাগ তো প্রায় প্রতি ম্যাচ শেষেই প্রশংসা করছেন কাসেমিরোর। এই ম্যাচ শেষেও যথারীতি বয়ে গেল স্তুতির জোয়ার।
“আমরা জানি, সে কতটা গ্রেট ফুটবলার। রিয়ালে হয়তো খুব বেশি গোল সে করতে পারেনি (দলে ভূমিকার জন্য), আমরা জানি তার সামর্থ্য কতটা। আমি জানি, সে এটা (গোল করা) উপভোগ করে। দ্রুত ভূমিকা বদলে বিভিন্ন পজিশনে ও বৈচিত্রে মানিয়ে নেওয়ার ডায়নামিক ফুটবল আমি পছন্দ করি, যাতে প্রতিপক্ষ ভাবনায় পড়ে যায় এবং আমরা সেটির ফায়দা নিতে পারি।”
