২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরাই আমাদের শত্রু’, বললেন চেলসি কোচ

খেলোয়াড়দের গোলের সামনে আরও কার্যকর হওয়ার তাগিদ চেলসি কোচের।

‘আমরাই আমাদের শত্রু’, বললেন চেলসি কোচ

চেলসি কোচ মাওরিসিও পচেত্তিনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 07:24 PM

Updated : 25 Dec 2023, 08:42 PM

চেলসির দুর্দশা যেন শেষ হওয়ার নয়। সবশেষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষেও হতাশাজনক পারফরম্যান্স করে হেরেছে তারা। এর পেছনে বড় কারণ ম্যাচে দলটির গোল মিসের মহড়া। এতে বেজায় বিরক্ত কোচ মাওরিসিও পচেত্তিনো।

সাম্প্রতিক সময়ে দলের একের পর এক হার এবং ম্যাচগুলোয় তাদের পারফরম্যান্স পর্যালোচনা করে পচেত্তিনোর উপলব্ধি, বারবার নিজেদের ভুলের কারণেই ঘুরে দাঁড়াতে পারছে না তারা।  

প্রিমিয়ার লিগে রোববারের ম্যাচেই যেমন, গোলশূন্য প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও নষ্ট করেন চেলসি মিডফিল্ডার রাহিম স্টার্লিং। এর আগে-পরেও অনেক ভুল করেন অন্যরা। পরে দ্বিতীয়ার্ধে মারিও লেমিনা ও ম্যাট ডোহার্টির গোলে জয়ের পথে এগিয়ে যায় উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।

বদলি নেমে ক্রিস্টোফার এনকুকু শেষ সময়ে একটি গোল শোধ করেন বটে, তবে তা শুধু হারের ব্যবধানই কমায়। লিগে অষ্টম হারের পর চেলসি ১৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে।

উলভারহ্যাম্পটন ম্যাচের পর আক্রমণে যথেষ্ট কার্যকর হতে না পরায় হতাশা প্রকাশ করেছেন পচেত্তিনো। সাবেক পিএসজি কোচ মনে করেন, প্রথমার্ধেই তাদের জালের দেখা পাওয়া উচিত ছিল।

“আমার মনে হচ্ছে, আমরা নিজেরাই নিজেদের শত্রু। আমি উলভসের ক্রেডিট কেড়ে নিতে চাই না। তারা গোল করেছে এবং তারা তাদের কাজ করেছে। কিন্তু প্রথমার্ধে আমরা সেরা দল ছিলাম। আর গোল করার সক্ষমতা কম থাকায় আমরা ম্যাচটা জিততে পারিনি।”

“আমরা ভুল করেছি, আমাদের নিজেদেরকেই দোষ দিতে হবে। সেজন্যই আজ আমরা জিততে পারিনি, কারণ প্রথমার্ধে আমাদের গোল করার সুযোগ ছিল।”

চেলসির পরের ম্যাচ আগামী বুধবার, প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।