দুর্ভাবনা ফিটনেস নিয়ে, কাটিয়ে ওঠার আশাবাদ রিমন-তারিকদের
নিজেদের ফিটনেসের মূল্যায়নে খেলোয়াড়রাই বলছেন মোটামুটি অবস্থা।
লিগ শেষের পর মিলেছিল ছুটি। তা কাটিয়ে ক্যাম্পে ফিরেছেন জামাল ভূইয়া-রিমন হোসেনরা। অনুশীলনও করা হয়ে গেছে চার দিন। এই চার দিনের প্রস্তুতি শেষে নিজেদের ফিটনেসের মূল্যায়ন করতে গিয়ে রিমন ও কাজী তারিক রায়হান-দুই ডিফেন্ডারই জানিয়েছেন ‘মোটামুটি অবস্থা’। দ্রুততম সময়ের মধ্যে তা পুরোপুরি ফিরে পাওয়ার আশাবাদও ব্যক্ত করেন দুজনই।
আগামী সেপ্টেম্বরের শেষ দিকে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে উত্তরায় পুলিশ এফসির মাঠে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই দুই ম্যাচকে পাখির চোখ করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। ফিফা র্যাঙ্কিংয়ে কিছুটা উপরে ওঠার লক্ষ্য বর্তমানে ১৯২তম স্থানে থাকা দলের।
লক্ষ্য পূরণের লড়াইয়ে নামার আগে দলকে গুছিয়ে নেওয়া, কৌশল বুঝিয়ে দেওয়ার জন্য মাস খানেক সময় পাবেন কাবরেরা। এ মুহূর্তে তাই এই স্প্যানিশ কোচও প্রস্তুতিতে খেলোয়াড়দের ফিটনেসের দিকে মনোযোগী। মনোযোগী খেলোয়াড়রাও। চতুর্থ দিনের প্রস্তুতি শেষে মঙ্গলবার বসুন্ধরা কিংসের ডিফেন্ডার রিমনও বললেন উন্নতির কথা।
“আমাদের ফিটনেসে কিছু ঘাটতি আছে, কোচ সেভাবেই অনুশীলন করাচ্ছে। অনুশীলন ভালো হচ্ছে, তাই আশা করি, আমাদের ফিটনেসে ঘাটতি থাকবে না। কয়েকদিনের মধ্যে আমরা পুরো ফিটনেস ফিরে পাব এবং সে অনুযায়ী অনুশীলন করছি।”
“প্রথম দিনের অনুশীলন আর আজকের ট্রেনিং আলাদা। প্রথম দিনে আমরা নেমেছিলাম অনেক দিন পর, সে তুলনায় আজকের অনুশীলন ভালো হয়েছে, ফিটনেসও মোটামুটি ফিরে পেয়েছি আমরা।”
কিংসের ডিফেন্ডার তারিক ক্যাম্পের সময়কে দেখছেন প্রাক-মৌসুমের প্রস্তুতি হিসেবে। লিগ শেষে ছুটি মেলায় ফিটনেস ধরে রাখার ক্ষেত্রে কিছুটা ঢিলেমি হওয়া এবং সে কারণে ক্যাম্পের শুরুর দিকে ভুগতে হচ্ছে বলে মানছেন তিনিও। তবে ফিনল্যান্ড প্রবাসী এই ফুটবলারও শোনালেন আশার কথা।
“এটা প্রাক-মৌসুমের প্রস্তুতি। তো প্রাক-মৌসুমের প্রস্তুতি আমাদের কাছে স্বাভাবিক বিষয়। প্রাক মৌসুমের প্রস্তুতিতে আমাদের ঘাম ঝরাতে হবে, যাতে করে আমরা যখন মাঠে আসল ম্যাচ খেলতে নামব, সেটা যেন উপভোগ করতে পারি।”
“লিগ শেষের তিন সপ্তাহ পর আমরা অনুশীলনে নেমেছি। স্বাভাবিকভাবে আমাদেরকে কিছুটা ভুগতে হয়েছে (শুরুর দিকের অনুশীলনে)। আমরা এগুলো নিয়ে ধাপে ধাপে কাজ করছি, সবার ফিটনেস লেভেলও উপরের দিকে যাচ্ছে।”
চোটের কারণে গত জুনে মালয়েশিয়াতে হওয়া এশিয়ান কাপের বাছাই খেলতে পারেননি তারিক। ফলে নতুন কোচ কাবরেরার সঙ্গে খুব একটা কাজ করার সুযোগ মেলেনি তার। তবে কোচের দর্শন বুঝতে সমস্যা হচ্ছে না বলে জানালেন ২১ বছর বয়সী এই ডিফেন্ডার। জানালেন ফিনল্যান্ডের বন্ধুদের বাংলাদেশের ম্যাচ দেখার কথাও।
“পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটিয়েছি, ভালো লাগছে। বন্ধুরা আমার সব খেলাই দেখে। অস্কার ব্রুসন ও কাবরেরার দুজনের মেথোলজি প্রায় একই। বল পায়ে রেখে খেলব, আক্রমণ করব, সুন্দর ফুটবল খেলব।”
২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে সবশেষ গত বছর অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি ম্যাচে ১-১ ড্র করেছিল বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৮ ধাপ এগিয়ে থাকা কম্বোডিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচের স্মৃতি অবশ্য আনন্দেরই। ২০১৯ সালের মার্চে প্রতিপক্ষের মাঠে রবিউল হাসানের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল দল। এবারও দুটি ম্যাচ প্রতিপক্ষের মাঠে। তবে কোনো চাপ অনুভব করছেন না রিমন।
“আসলে অ্যাওয়ে ম্যাচ যেহেতু…প্রেশার নেওয়ার কিছু নেই। ওরা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে, কিন্তু ফুটবল হচ্ছে মাঠের খেলা। মুখের খেলা না। আমরা চেষ্টা করব জয় আনার জন্য।”
