২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিতে স্টেডিয়ামের ছাদ ধসে সমর্থক আহত

স্থানীয় একটি ক্লাবের অনুশীলনের সময় ঘটেছে এই দুর্ঘটনা।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2022, 08:50 PM

Updated : 01 Oct 2022, 08:50 PM

চিলির ক্লাব কোলো কোলোর অনুশীলনের সময় ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। স্টেডিয়ামের ছাদের একটি অংশ ধসে পড়ে আহত হয়েছে দলটির বেশ কয়েক জন সমর্থক। 

সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তালে শুক্রবার ক্লাবটির উন্মুক্ত অনুশীলন সেশন চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামটির গ্যালারিতে নেচে, গেয়ে উল্লাস করছিল শত শত সমর্থক। বেশ কয়েক জন বসেছিল বিজ্ঞাপনের জন্য তৈরি কাঠানোর ওপর। সেটিই একটা পর্যায়ে ভেঙে পড়ে। 

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে কোলো কোলো জানায়, আহত কয়েকজনকে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কতজন আহত হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি ক্লাবটি। 

স্থানীয় সংবাদপত্র ‘লা তেরসেরা’র খবর অনুযায়ী, এই ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছে। 

ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত কাঠামো সম্পূর্ণরূপে সরিয়ে ফেলার কথা জানিয়েছে কোলো কোলো। 

ক্লাবটির উন্মুক্ত অনুশীলন ‘আরেঙ্গাসো’ নামে পরিচিত। এটি তাদের একটি ঐতিহ্য, যেখানে সমর্থকরা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্টেডিয়ামে গিয়ে দলের সমর্থনে উল্লাস করতে পারে। রোববার ডার্বি ম্যাচে ইউনিভার্সিদাদ কাতোলিকার মুখোমুখি হবে কোলো কোলো।