অবসরের আভাস জুলিও সেজারের
এসেছিলেন ‘হেক্সা’ জয়ের স্বপ্ন নিয়ে, যেতে হলো গোলরক্ষক হিসেবে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল খাওয়ার লজ্জায় মাথা নত করে। চরম এই হতাশার পর নিজেকে আর ব্রাজিলের জার্সিতে দেখার সম্ভাবনা দেখছেন না জুলিও সেজার।
সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর গত শনিবার ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সান্ত্বনার জয়ের লক্ষ্যে মাঠে নামে ব্রাজিল। কিন্তু অগোছালো রক্ষণের কারণে এ ম্যাচেও ৩-০ গোলে হেরে বসে স্বাগতিকরা।
গ্রুপ পর্বের তিন ম্যাচসহ দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার-ফাইনাল মিলে পাঁচ ম্যাচে ব্রাজিলের জালে বল যায় চারবার। কিন্তু শেষ দুই ম্যাচেই ১০বার পরাস্ত হন সেজার।
দল এবং নিজের ক্যারিয়ারের চরম এই লজ্জার পর আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যত আর দেখছেন না ৩৪ বছর বয়সী সেজার।
শনিবার ম্যাচ শেষে সেজার বলেন, “ব্রাজিলের ফুটবলের জন্য এটা কষ্টের একটা মুহূর্ত। আমি ভাবছি সবকিছু ভুলে এখন বিশ্রাম নেয়ার সময় এসেছে। সময়টা এখন অন্যান্য গোলরক্ষকের। আমি মনে করি জাতীয় দলের জার্সি পড়ার যোগ্যতাসম্পন্ন গোলরক্ষক ব্রাজিলের সাত থেকে আটজন আছে।”
আগামী বছরের চিলিতে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল আসর কোপা আমেরিকা চলার সময় সেজারের বয়স হবে ৩৫ বছর। সেখানে খেলতে চান না ইন্টার মিলানের সাবেক এই গোলরক্ষক।
“২০১৮ বিশ্বকাপের কথা মাথায় রেখে (চিলিতে) যাওয়াটা আমার দিক থেকে স্বার্থপর সিদ্ধান্ত হবে।”
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের আভাস দিলেও ক্লাব ফুটবলে খেলার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি সেজার।
২০১২ সালে ইংল্যান্ডের ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সে যোগ দেওয়ার পর গত ফেব্রুয়ারিতে কানাডার ক্লাব টরেন্টো এফসিতে ধারে খেলতে যান সেজার।
