২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নিখুঁত' খেলার তাগিদ সাবেইয়ার

জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জিততে হলে খেলতে হবে 'নিখুঁত' ফুটবল। তা না হলে টমাস মুলার-ফিলিপ লামদের পেছনে ফেলে মারাকানায় লিওনেল মেসিরা শেষ হাসি হাসতে পারবেন না বলে মনে করেন আর্জেন্টিনা কোচ আলেহান্দ্রো সাবেইয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 07:37 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা আর জার্মানি।

এই ম্যাচের আগে সাবেইয়া খুঁজে বের করেছেন, জার্মানি কিভাবে আর্জেন্টিনার জন্য বিপদের কারণ হতে পারে। আর সেই বিশ্লেষণ থেকে তার মনে হয়েছে আর্জেন্টিনার খুব সাবধানী ফুটবল খেলতে হবে।

"আমাদের খুব মনোযোগী থাকতে হবে এবং সব জায়গা বন্ধ করে দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, খুব সহজে আমরা বল হারাতে পারব না।"

জার্মানি দল নিয়ে তার বিশ্লেষণটাও জানালেন সাবেইয়া।

"জার্মানি সবসময়ই শারীরিকভাবে ও কৌশলের দিক থেকে খুব শক্তিশালী। এই কারণেই ব্রাজিল ও ইতালির সঙ্গে বেশি শিরোপাজয়ী দলের একটি তারাও।"

এর আগে বিশ্বকাপের ফাইনালে দুবার মুখোমুখি হয়েছ আর্জেন্টিনা-জার্মানি। ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার অসাধারণ নৈপুণ্যে শিরোপা জেতে আর্জেন্টিনা। আর ১৯৯০ সালে মারাদোনারই আর্জেন্টিনাকে হারিয়ে এর শোধ নেয় জার্মানি।

এবার ১৯৮৬ সালের পুনরাবৃত্তির স্বপ্ন দেখছেন আর্জেন্টিনা কোচ। তবে জার্মানির শক্তির দিক বিবেচনা করে সাবেইয়ার উপলব্ধি, কাজটা খুব সহজ হবে না।

ব্রাজিল বিশ্বকাপে তার খেলোয়াড়দের পারফরম্যান্স আবার ভরসা দিচ্ছে সাবেইয়াকে। ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শিষ্যদের প্রশংসা করেন তিনি।

"কঠোর পরিশ্রম করা খেলোয়াড়দের অনেক কৃতিত্ব। ফর্মেশনও পরিবর্তন হয়েছে। এতে ফুল-ব্যাকরা আমাদের আরো সুরক্ষা দিতে পারছে এবং ফাঁকগুলোও বন্ধ করে দিতে পারছে। আর এটাই আমাদের আরো ভারসাম্য দিয়েছে।"