২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব শাসনের সাধ জার্মানির

প্রথম ইউরোপীয় দল হিসেবে লাতিন আমেরিকায় বিশ্বকাপ জিতে ইতিহাস গড়তে চান জার্মানির কোচ ইওয়াখিম লুভ। শুধু শিরোপা জয় নয়, মারাকানায় উৎসবের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকে শাসনের স্বপ্ন লুভের চোখে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 04:50 AM

Updated : 13 Oct 2022, 12:20 PM

পুরনো খবর:

জার্মানভক্ত আমজাদের অন্যরকম এক বিকাল

সেমি-ফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করায় রিও দে জেনেইরোয় শিরোপা নির্ধারণী ম্যাচে জার্মানিই গায়েই থাকছে ফেভারিটের তকমা।

লাতিন আমেরিকায় প্রথম ইউরোপীয় দল হিসেবে বিশ্বকাপ জয়ের আশায় কোচ লুভ বলেন, “অতীতে আমরা কখনই এখানে শিরোপা জিতিনি। আমরা জানি, আমরা ইতিহাস লিখতে পারি।”

রোববার আর্জেন্টিনাকে হারাতে পারলে চতুর্থ শিরোপা জিতবে জার্মানি। ২৪ বছর আগে একই প্রতিপক্ষকেই হারিয়ে তৃতীয় শিরোপাটি জিতেছিল তারা।

“এই মহাদেশে লাতিন আমেরিকানরাই সবসময় শাসন করেছে। তাহলে আমরা কেন প্রথম হতে পারবো না? লাতিন আমেরিকার মাটিতে জিতলে তা আমাদের বাড়তি উল্লাসের উপলক্ষ হতে পারে।”

লাতিন আমেরিকায় এর আগে চারবার বিশ্বকাপ আসর বসেছে। তার মধ্যে ১৯৬২ ও ১৯৭৮ বিশ্বকাপে যথাক্রমে ইউরোপের দুই দল চেকোস্লোভাকিয়া ও নেদারল্যান্ডস ফাইনালে ওঠে।

১৯৬২ সালের চিলি বিশ্বকাপে শিরোপা জেতে ব্রাজিল আর ১৯৭৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক আর্জেন্টিনা। বাকি দুবারই শিরোপা জেতে উরুগুয়ে।