অদম্য জার্মানির শেষ প্রহরী নয়ার
জার্মানির রক্ষণ সীমান্ত যেখানে শেষ, সেখানেই শুরু হয় মানুয়েল নয়ারের কারিশমা। এই বিশ্বকাপে অনেকবারই জার্মানির রক্ষণ দেয়ালে চিড় ধরেছে, প্রতিবারই শেষ প্রহরী হিসেবে দাঁড়িয়ে গেছেন এই গোলরক্ষক। এক যুগ পর আবার জার্মানির বিশ্বকাপ ফাইনালে ওঠায় বড় ভূমিকাই রেখেছেন তিনি।
ব্রাজিল বিশ্বকাপে ৬ ম্যাচে মাত্র ৪ বারই নয়ারের পাহারা গলে জার্মানির জালে বল জড়িয়েছে। রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় জার্মানির বিপক্ষে ফাইনাল খেলতে নামার আগে তাই নয়ারকে নিয়ে একটু বেশি করেই ভাবতে হচ্ছে আর্জেন্টিনা কোচ আলেহান্দ্রো সাবেইয়াকে।
এই বিশ্বকাপে অবশ্য নয়ার যতটা না শট ঠেকিয়ে নজর কাড়েন, তার চেয়ে বেশি আলোচনায় আসেন সামনে এগিয়ে এসে দলকে বিপদমুক্ত করে।
আলজেরিয়ার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে জার্মানির ২-১ গোলে জেতা ম্যাচে একাধিকবার এভাবে জার্মানিকে বাঁচান নয়ার। জার্মানির রক্ষণ ভেদ করে বেশ কয়েকবারই গোলের সম্ভাবনা জাগিয়েছিল আফ্রিকার দেশটি। কিন্তু নয়ারের কড়া পাহারা ডিঙিয়ে সমতাসূচক গোল আর করতে পারেনি তারা।
"আলজেরিয়া লম্বা পাসে ধারাবাহিকভাবে আমাদের প্রেসিং ফুটবলকে ফাঁকি দিয়ে গেছে এবং আমাদের নড়বড়ে হয়ে পড়ার সুযোগ নিয়ে ওরা এটা ভালোই করে। খুব ভালো ব্যাপার, মানুয়েল ছিল ওখানে।"
বক্সের বাইরে এসে অতিরিক্ত কাজ করা গোলরক্ষক কিন্তু ইতিহাসে নয়ার একাই নন। এর আগে ১৯৭৮ বিশ্বকাপে পেরুর রামন কুইরোগা আর ১৯৯০ বিশ্বকাপে কলম্বিয়ার রেনে হিগুইতা এই কাজ করে শিরোনামে আসেন।
তবে কুইরোগা আর আর হিগুইতার সঙ্গে তার পার্থক্য আছে। পোল্যান্ডের সীমানায় প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন কুইরোগা আর হিগুইতার বাজে ড্রিবলিংয়ের কারণে গোল খেয়ে ক্যামেরুনের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল কলম্বিয়াকে।
যুব ফুটবলে নয়ার আউটফিল্ডেই খেলতেন। অনেকেই মনে করেন, এ কারণেই অন্য সব গোলরক্ষকের চেয়ে দ্রুত তিনি খেলাটা এবং প্রতিপক্ষ ফরোয়ার্ডদের মনোভাবটা বুঝে ফেলতে পারেন। এখনো অনুশীলনে সুযোগ পেলেই আউটফিল্ড খেলোয়াড় হিসেবে খেলেন নয়ার।
জার্মানির সাবেক দুই তারকাও নয়ারের প্রশংসায় পঞ্চমুখ। সাবেক মিডফিল্ডার মেমেট শোল তাকে 'বরফ শীতল' বলে উল্লেখ করেন। আর ২০০২ বিশ্বকাপের জার্মান অধিনায়ক ও গোলরক্ষক অলিভার কান নয়ারকে বিশ্বের সেরা গোলরক্ষক হিসেবে দাবি করেন।
শুধু ফুটবলই নয়, অন্য জগতেও প্রতিভার ঝলক দেখান নয়ার। ডিসনির অ্যানিমেশন মুভি 'মনস্টার ইউনিভার্সিটি'র একটি চরিত্রে কণ্ঠ দেন তিনি। 'হু ওয়ান্টস টু বি অ্যা মিলিওনিয়ার?' অনুষ্ঠানে ৫ লাখ ইউরো জেতেন নয়ার।
১.৯৩ মিটার লম্বা ও ৯২ কেজি ওজনের নয়ার জার্মানির কাছে যেন মানুষরূপী অ্যাটলাস; কাঁধে বয়ে বেড়ান পুরো দলের ভার।
