সিলভা বনাম ফন পের্সি এবং অন্যান্য
ব্রাজিল-নেদারল্যান্ডসের এই লড়াইটা হতে পারত ফাইনালে। সেখানে কিনা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হচ্ছে তাদের! দ্বৈরথের উত্তাপটা স্বাভাবিক কারণেই কম থাকবে। তবে ব্যক্তিগত কিছু লড়াই ম্যাচটাকে জমিয়ে দিতে পারে।
রবিন ফন পের্সি বনাম চিয়াগো সিলভা
নেইমারের দুঃখটা একরকম; আততায়ী চোট কেড়ে নিয়েছে তার বিশ্বকাপ স্বপ্ন। কিন্তু চিয়াগো সিলভা? জার্মানির কাছে প্রিয় ব্রাজিলের ৭-১ গোলের অসহায় আত্মসমর্পণের সেমি-ফাইনালে দর্শক ছিলেন তো তিনিও। আর সেটি নিজের বোকামির কারণে! কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে অর্থহীন হলুদ কার্ডের কারণেই যে সেমিফাইনাল খেলা হয়নি তাঁর।
ব্রাজিল অধিনায়ক হিসেবে মারাকানায় ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন দেখেছিলেন যিনি, তাকে কিনা আজ লড়তে হচ্ছে তৃতীয় স্থানের জন্য। পরিবর্তিত সেই লক্ষ্যপূরণে সিলভার ভূমিকাটা যথারীতি গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের অধিনায়ক রবিন ফন পের্সিকে রোখার দায়িত্বটা যে এই সেন্ট্রাল ডিফেন্ডারের।
ডাচ ফরোয়ার্ডের দিনকাল অবশ্য ভালো যাচ্ছে না। প্রথম ম্যাচে উড়ন্ত হেডের অবিস্মরণীয় গোলের কারণে ‘ফ্লাইং ডাচম্যান’ তকমা জুটেছে। কিন্তু নকআউট পর্বে যে ফন পের্সি আর ‘উড়ছেন’ না। শেষ ষোলো, শেষ আট, শেষ চারের সর্বশেষ তিন ম্যাচে গোল পাননি। আজ সিলভার বিপক্ষে দ্বৈরথে জিতে বিশ্বকাপ শেষ করার জন্য নিশ্চয়ই মরিয়া থাকবেন এই ফরোয়ার্ড।
আরিয়েন রবেন বনাম মাইকন
কী অবিস্মরণীয় এক টুর্নামেন্ট যাচ্ছে আরিয়েন রবেনের! অথচ সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে সেই তিনিই কেমন বিবর্ণ ছিলেন! আজ ব্রাজিলের বিপক্ষে শেষটা রাঙিয়ে দেবার প্রত্যয় নিশ্চয়ই থাকবে তার।
সেজন্য তার খণ্ডযুদ্ধ হয়তো মাইকনের বিপক্ষে। আক্রমণভাগে বেশিরভাগ সময় ডান প্রান্ত দিয়ে ঢুকলেও বায়ে চলে আসেন মাঝেমধ্যে। ব্রাজিলের রাইটব্যাকের গতির অভাবের কারণে আজ সেটি হওয়ার সম্ভাবনাই বেশি। জার্মানির বিপক্ষে রক্ষণভাগের অন্য সতীর্থদের মতো মাইকনেরও গেছে দুঃস্বপ্নের ম্যাচ। আর রবেনের বিপক্ষে সেটি প্রলম্বিত হতে পারে আরো। তার টাচলাইন ধরে দৌড়, ড্রিবলিং-গতিতে প্রতিপক্ষকে ছিটকে ফেলার ছবিটা ব্রাজিল বিশ্বকাপের চেনা দৃশ্য। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে ব্যতিক্রম প্রমাণ করে শেষ ম্যাচে নিশ্চয়ই চেনা রূপে ফিরতে চাইবেন রবেন।
স্টেফান ডি ভ্রেই বনাম হাল্ক
বিশ্বকাপে নেদারল্যান্ডসের প্রতিটি ম্যাচের একাদশে ছিলেন স্টেফান ডি ভ্রেই। আর প্রতি ম্যাচেই আরেকটু করে নিশ্চিত হয়েছে যে, আসছে ক্লাব মৌসুমে ফেয়ানুর্দে আর তাঁর থাকা হচ্ছে না। দারুণ পারফরম্যান্স দিয়ে যে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন এই ডিফেন্ডার। ব্রাজিলের বিপক্ষে সেই সুনাম ধরে রাখার মিশন দি ভ্রেইয়ের, হয়তো হাল্কের বিপক্ষে দ্বৈরথে।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে হাল্কের সুনামও কম না। জেনিট সেন্ট পিটার্সবুর্গের হয়ে গত মৌসুমে ২৪ লিগ ম্যাচে দিয়েছেন ১৬ গোল। অথচ বিশ্বকাপে এসে কিনা এখনো একটি গোল করতে পারেননি। হাল্কের সামনে আজ তাই শেষ সুযোগ।
নাইজেল ডি ইয়োং বনাম অস্কার
কুঁচকির চোটের কারণে বিশ্বকাপ বলতে গেলে শেষই হয়ে গিয়েছিল নাইজের দি ইয়োংয়ের, নেদারল্যান্ডস ক্যাম্প থেকেই জানানো হয়েছিল তা। কিন্তু দৈবিকভাবে সেরে ওঠেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে সেমি-ফাইনালের ঘণ্টাখানেক খেলেছেনও। সেখানে লিওনেল মেসিকে যেমন নড়াচড়ার সুযোগ দেননি দি ইয়োং, অস্কারে বিপক্ষে তার সেই অভিন্ন অভিযান।
বিশ্বকাপটা যে খুব খারাপ গেছে অস্কারের, তা বলা যাবে না। দুটি গোল করেছেন, করিয়েছেন আরো দুটি। তারপরও তার সামর্থ্যেল তুলনায় এ যে নিতান্তই কম! নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ সুযোগে তাই শেষবারের মতো জ্বলে উঠতে মরিয়া থাকবেন তিনি। জার্মানির কাছে ১-৭ গোলে হারা ম্যাচের মতো গোলদাতা হয়ে নয়, বিজয়ী দলের একজন হওয়ার লক্ষ্যই থাকবে অস্কারের। সেটি দি ইয়োংয়ের বাধা পেরিয়ে, নেদারল্যান্ডসের চ্যালেঞ্জ গুঁড়িয়ে।
