'অর্থহীন', না কিছু পাওয়ার লড়াই
স্থান নির্ধারণী এই ম্যাচ খেলার কোনো মানে আছে, ডাচদের কাছে এটি পুরোপুরি 'অর্থহীন'। স্বাগতিক ব্রাজিলের কাছে তো তা প্রচণ্ড লজ্জার। কই মারাকানায় গ্যালারি মাতানোর কথা, আর এখন ভাবতে হচ্ছে ব্রাজিলিয়ার দর্শকদের সামনে মাঠে নামা নিয়ে। তারপরও ম্যাচটা যদি ভালোভাবে জিতে কিছুটা সান্ত্বনা খুঁজে পাওয়া যায়। খেলতে যখন হবেই তখন কিছু পাওয়ার লড়াইটা করলে ক্ষতি কি।
ব্রাজিলিয়ার জাতীয় স্টেডিয়ামে আসরের সবচেয়ে 'অগুরুত্বপূর্ণ' এই তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সময় শনিবার রাত দুইটায় অনীহা নিয়েই মুখোমুখি হচ্ছে ব্রাজিল-নেদারল্যান্ডস।
তবে অন্য দৃষ্টিকোণ থেকে জেতাটা ব্রাজিলের জন্য জরুরি - ১-৭ গোলের হারের পর ঘুরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার জন্য, একটি হারে যে সমৃদ্ধ এক ফুটবল-সাম্রাজ্য যে ধসে যায়নি, সেটি বোঝানোর জন্য। এই একটি জায়গাতেই ডাচদের বিপক্ষে লড়াইটা আজ গুরুত্বপূর্ণ। নইলে ব্রাজিলবাসীর কাছে এর বিন্দুমাত্র গুরুত্বও থাকত না। তাদের পূজনীয় কেবল বিজয়ীরাই। নইলে রানার্সআপ হওয়া আর প্রথম রাউন্ডে বিদায়ের মধ্যে কোন পার্থক্য নেই। ১৯৫০ ও ১৯৯৮ বিশ্বকাপে দ্বিতীয় হওয়া এখনো বিবেচিত ব্যর্থতা হিসেবে!
ব্রাজিলের তবু মিনেইরাওয়ের দুঃস্বপ্ন পেরিয়ে সান্ত্বনা খোঁজার ‘সামান্য’ উপলক্ষ থাকছে। নেদারল্যান্ডসের জন্য সেটিও নেই। সেমি-ফাইনালে ব্রাজিলের মতো নিঃশর্ত আত্মসমর্পণ করেনি তারা। বরং আর্জেন্টিনার সঙ্গে সমানে-সমান লড়েও শেষ পর্যন্ত টাইব্রেকারের 'ভাগ্য পরীক্ষায়' হারতে হয়েছে। ফাইনালই যখন সৌরভ বিলিয়ে এভাবে মিলিয়ে যায়, তখন আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গুরুত্ব থাকে কী!
ডাচ কোচ লুইস ফন গাল তো সরাসরিই এই ম্যাচ আয়োজনের বিরোধিতার কথা বলেছেন, “আমি ১০ বছর ধরে বলে আসছি যে, এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের কোনো প্রয়োজন নেই। এই টুর্নামেন্টে বিজয়ী হয় একটা দলই- চ্যাম্পিয়ন। সেই বিজয়ী হওয়ার লড়াই থেকে ছিটকে যাওয়া দুটি দল নিয়ে এই লড়াই অপ্রয়োজনীয়।”
আরেকটি কারণেও এই দ্বৈরথকে অপ্রয়োজনীয় মনে হচ্ছে ডাচ কোচের কাছে, “দুর্দান্ত এক টুর্নামেন্ট কাটানোর পর দুই দলের কোন একটির প্রতিযোগিতা শেষ হবে টানা দুই হারে। এটি আসলে কারোই প্রাপ্য না।”
ব্রাজিলের জন্য জার্মানির কাছে ১-৭ গোলে হার যতটা লজ্জার, এর চেয়ে কম বিব্রতকর না তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলা। এই সময়টায় পারলে পালিয়ে বাঁচে স্বাগতিক ফুটবলাররা, জনসম্মুখে বের হয় না জনরোষের ভয়ে। সেখানে কিনা দিন তিনেক পর আবার স্টেডিয়ামভর্তি দর্শকের সামনে নেমে পড়তে হচ্ছে তাদের! চমক দেখাতে না পারলে পুরোটা সময়জুড়ে দুয়ো শুনতে হতে পারে অস্কার-হাল্ক-লুইসদের। এমনকি নেদারল্যান্ডসের গোলে শ্লেষের উল্লাস প্রকাশও বিচিত্র নয়। যেমনটা দর্শকরা করেছিল, জার্মানির শেষ দুই গোলের ক্ষেত্রে!
লুই ফেলিপে স্কলারি অবশ্য এসব চিন্তা সরিয়ে রাখছেন একপাশে। ব্রাজিল কোচের পদ থেকে তার বিদায়ের ঘণ্টা শুনতে পাচ্ছে অনেকেই। কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দিকেই তার মনোযোগ, “আমার দায়িত্ব বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত। সেই শেষটা হচ্ছে শনিবার। এখন আমাদের সবার পরিবর্তিত লক্ষ্য হচ্ছে তৃতীয় হওয়া। সেজন্যই প্রস্তুতি নিচ্ছি আমরা।”
ব্রাসিলিয়ার এই ম্যাচে স্বাগতিকরা ‘ফিরে’ পাচ্ছে সেমি-ফাইনাল খেলতে না পারা নেইমার ও চিয়াগো সিলভাকে। না, অলৌকিকভাবে সুস্থ হয়ে মাঠে ফিরছেন না প্রথমজন। বরং দলকে উৎসাহ দেওয়ার জন্য থাকবেন গ্যালারিতে। পরেরজন ফিরছেন মাঠেই। জার্মানির বিপক্ষে এই সিলভার অনুপস্থিতিতেই তো ভেঙে চুরমার হয়ে যায় ব্রাজিলের রক্ষণভাগ। সেটি মেরামত করাটাই মূল দায়িত্ব ব্রাজিল অধিনায়কের।
যত অর্থহীনই হোক, ব্রাজিল কিন্তু এই প্রথমবারের মতো খেলছে না তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে। ১৯৩৮, ১৯৭৪ ও ১৯৭৮ আসরে পর ‘অর্থহীন’ ম্যাচটিতে তাদের চতুর্থ অংশগ্রহণ। আগের তিন খেলার মধ্যে প্রথম ও সর্বশেষবার জিতেছিল তারা। অন্য দিকে নেদারল্যান্ডস তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী খেলায় খেলছে মাত্র দ্বিতীয়বারের মতো। ১৯৯৮ সালেরটিতে ক্রোয়েশিয়ার কাছে হেরেছিল তারা।
টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে মারকানার ফাইনালের যাওয়ার আশায় বিভোর ছিল ব্রাজিল। ৬৪ বছর আগের মারাকানার দুঃস্বপ্ন ভোলার স্বপ্ন দেখছিল। কিন্তু এক ভুতুড়ে সন্ধ্যায় জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালে এলোমেলো হয়ে যায় সব। মারাকানার মতো মিনেইরাও স্টেডিয়ামের এই ক্ষত শুকাবে না হয়তো কোনদিনই। নেদারল্যান্ডসের বিপক্ষে ব্রাজিলিয়ায় তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে জিতলেই-বা কী!
