২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের রেফারি ইতালির রিস্সলি

আর্জেন্টিনা-জার্মানি ফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেলেন ইতালির রেফারি নিকোলা রিস্সলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 01:37 AM

Updated : 13 Oct 2022, 12:20 PM

মারাকানায় রোববার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দল দুটি।

ইতালির তৃতীয় রেফারি হিসেবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করার সুযোগ পেলেন রিস্সলি।

পেশায় স্থপতি ৪২ বছর বয়সী রিস্সলি গ্রুপ পর্বে স্পেন-নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ পরিচালনা করেছিলেন।

কোয়ার্টার-ফাইনালে বেলজিয়াম-আর্জেন্টিনা ম্যাচেও রেফারি ছিলেন ইতালির বোলোনিয়ার এই রেফারি।

২০০৭ সালে রেফারিংয়ে ক্যারিয়ার শুরু করেন রিস্সলি। ইউরোপের সেরা দুটি ক্লাব প্রতিযোগিতার ফাইনাল পরিচালনার অভিজ্ঞতা আছে তার।

২০১০ সালে আতলেতিকো মাদ্রিদ ও ফুলহ্যামের মধ্যে ইউরোপা লিগ এবং ২০১৩ সালের বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পরিচালনা করেন তিনি।

২০১১ সালে ক্লাব বিশ্বকাপের জন্য তাকে নির্বাচিত করে ফিফা। দুটি ম্যাচ পরিচালনা করেন তিনি। পরের বছর ইউরোয় স্পেন-ফ্রান্সের কোয়ার্টার-ফাইনালসহ আরো দুটি ম্যাচ পরিচালনা করেন তিনি।

গত বছর তুরস্কে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুটি ম্যাচ পরিচালনা করেন রিস্সলি।

মারাকানায় ফাইনালে তাকে সহায়তা করবেন স্বদেশী রেনাতো ফাভেরানি ও আন্দ্রেয়া স্তেফানি। চতুর্থ রেফারি থাকবেন ইকুয়েডরের কার্লোস ভেরা।