২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা গোলরক্ষকের লড়াইয়ে নাভাস, নয়ার, রোমেরো

বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভসের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন কেইলর নাভাস, মানুয়েল নয়ার ও সের্হিও রোমেরো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 01:26 AM

Updated : 13 Oct 2022, 12:20 PM

শুক্রবার ফিফা ঘোষিত তালিকায় জায়গা হয়নি যুক্তরাষ্ট্রের টিম হাওয়ার্ড ও মেক্সিকোর গিয়ের্মো ওচোয়ার।

চমৎকার কিছু সেভ করেছেন এবারের বিশ্বকাপের চমক জাগানো দল কোস্টা রিকার গোলরক্ষক নাভাস। আর নেদারল্যান্ডসের বিপক্ষে সেমি-ফাইনালে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দেয়ায় রোমেরো সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গী।

ফাইনালের আরেক দল জার্মানির গোলরক্ষক নয়ার তো পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ খেলেছেন।

বেলজিয়ামের বিপক্ষে ১৬টি সেভ করে বিশ্ব রেকর্ড গড়লেও দলের পরাজয় ঠেকাতে পারেননি হাওয়ার্ড।

ব্রাজিলের তারকা নেইমারের কয়েকটি গোলের প্রচেষ্টা দারুণ দক্ষতায় ব্যর্থ করে নজর কাড়েন ওচোয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও প্রতিরোধ গড়েছিলেন মেক্সিকোর এই গোলরক্ষক।

ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপ তিন জনের এই সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। অ্যাডিডাস গোল্ডেন গ্লাভস বিজয়ীর নাম ঘোষণা করা হবে মারাকানায় রোববারের ফাইনালের পর।