পুরনো ভুল শোধরাতে চান আগুয়েরো
বিশ্বকাপে জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার পরিসংখ্যান মোটেও ভালো নয়। গত দুই আসরে ইউরোপের এই দলটির কাছে হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে লাতিন আমেরিকার দলটির। ভাগ্যের ফেরে আবার জার্মানির মুখোমুখি আর্জেন্টিনা। এবারের মঞ্চটা আরো বড়, ফাইনাল। তাই শিরোপা নিশ্চিত করতে পুরনো ভুল শোধরাতে চান সের্হিও আগুয়েরো।
চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা, যে দলে ছিল আগুয়েরোও। ওই ম্যাচের তৃতীয় মিনিটেই টমাস মুলারের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা; পরে কোনো প্রতিরোধও গড়তে পারেনি তারা।
বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের ফ্রি-কিক থেকে করা মুলারের ওই গোলের প্রসঙ্গ টেনে আগুয়েরো বলেন, “প্রথম ডেড-বলে তারা গোল করে বসে এবং সেটাই আমাদের সব পরিকল্পনা ভেস্তে দেয়।”
আগুয়েরো জানান, এ ধরনের ভুলগুলো এবার এড়াতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। “এই ফাইনালে, আমরা গত বিশ্বকাপে করা ভুলগুলো এড়ানোর চেষ্টা করবো।”
রিও দে জেনেইরোর মারাকানায় রোববার বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।
১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো মারাদোনার নৈপুণ্যে জার্মানিকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। পরের আসরের ফাইনালে সেই জার্মানির কাছেই হেরে শিরোপা হারায় দলটি।
২০১০ সালের মতো ২০০৬ বিশ্বকাপেও শেষ আট থেকে আর্জেন্টিনাকে বিদায় করে দিয়েছিল জার্মানি।
টানা তিন হারের হতাশা ভুলে এবার তাই জিততে মরিয়া ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আগুয়েরো।
“আমাদের জিততে হবে, আর সেটা ভালো খেলে হোক বা না হোক, ব্যাপার না।”
