হুমেলসের হাঁটুতে আবার চোট
হাঁটুতে আবার চোট পেয়েছেন জার্মানির ডিফেন্ডার মাটস হুমেলস। তবে রোববারের ফাইনালে তার খেলা নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন দলের ম্যানেজার অলিভার বিয়েরহফ।
মঙ্গলবার ব্রাজিলের বিপক্ষে ৭-১ গোলে জেতা সেমি-ফাইনালে প্রথমার্ধের পর আর খেলতে নামেননি হুমেলস। পর্তুগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছিলেন বরুসিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার।
বিয়েরহফ জার্মানির একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, “মাটস হুমেলস ছাড়া আর সবাই ভালো আছে। তাকে আরো চিকিৎসা নিতে হবে। এটা সতর্কতামূলক ব্যাপার। আমাদের ধারণা, সে ফাইনালে খেলতে পারবে।”
