২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইব্রেকারের জন্য খেলেছিল আর্জেন্টিনা: স্নেইডার

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও আর্জেন্টিনার সঙ্গে লড়াই করে টাইব্রেকারে হারকে অন্যায্য মনে করছেন নেদারল্যান্ডসের প্লেমেকার ভেসলি স্নেইডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 11:14 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

গালাতাসারাইয়ের মিডফিল্ডার বলেন, “আমাদের আরো ভালো কিছু প্রাপ্য ছিল। আর্জেন্টিনা পেনাল্টির জন্য খেলেছিল। আমরা তা করিনি। আমরা খেলার চেষ্টা করেছিলাম।”

গোলরক্ষক সের্হিও রোমেরোর বীরত্বে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারিয়ে ২৪ বছর পর ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। রোমেরো যে দুটি শট ফেরান তার একটি ছিল স্নেইডারের।

নব্বই মিনিট রোমেরোকে কোনো পরীক্ষায় ফেলতে পারেনি নেদারল্যান্ডস। যোগ করা সময়ে একটা সুযোগ পেয়েছিলেন আরিয়েন রবেন, কিন্তু তিনিও গোলরক্ষক পর্যন্ত বল নিতে পারেনি। অতিরিক্ত সময়ে অবশ্য আর্জেন্টিনার রক্ষণভাগের ওপর কিছুটা চাপ তৈরি করে তারা।

শূন্য হাতে দেশে ফিরতে হবে বলে ভীষণ হতাশ স্নেইডার। শিরোপা ছাড়া বিশ্বকাপে আর কোনো কিছুরই যে মূল্য নেই। ব্রাজিলের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সামনে, কিন্তু তা নিয়ে মোটেও ভাবছে না ডাচরা।

“আমি পেনাল্টি মিস করেছি, এটা লজ্জার। তবে বিশেষ করে ১২০ মিনিটে তৈরি করা সুযোগগুলো কাজে লাগাতে না পারাটা হতাশার।”