জার্মান ভীতি নেই হিগুয়াইনের
সেমি-ফাইনালে ব্রাজিলকে গুঁড়িয়ে দেয়া খেলা দেখে জার্মানিকে কি একটুও ভয় পাচ্ছে না আর্জেন্টিনা? ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন জানিয়ে দিলেন, তাদের দলে জার্মান ভীতি মোটেও নেই।
বেলো হরিজন্তেতে মঙ্গলবার ব্রাজিলকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। তবে এই ফল আর্জেন্টিনার খেলোয়াড়দের মনে কোনো প্রভাব খেলবে না বলেই বিশ্বাস হিগুয়াইনের।
"কোনো ভয় নেই, একদমই না। সমীহ আছে। আর্জেন্টিনা ফাইনালে উঠেছে দেখে তারাও ভয়ে থাকবে।"
সাও পাওলোতে বুধবার নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রোববার ফাইনালে জার্মানির বিপক্ষে খেলবে তারা।
দুই যুগ পর ফাইনালে ওঠা আর্জেন্টিনা ২৮ বছর পর বিশ্বকাপ জিততে নিজেদের উজাড় করে দেবে বলে উল্লেখ করেন হিগুয়াইন। সব খেলোয়াড়রাই নিজেদের সর্বস্ব দিয়ে খেলবে বলে মনে করেন তিনি।
"আমরা এখন ফাইনালে, তাই আর কোনো কিছুই এখন ব্যাপার নয়।"
