২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির সাফল্যে মাশুল পানশালা মালিকের!

সেমি-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জার্মানির অবিস্মরণীয় সাফল্যের জন্য শেষে কিনা মাশুল গুণতে হলো আয়ারল্যান্ডের এক পানশালা মালিকের!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 10:02 PM

Updated : 25 Apr 2022, 04:25 PM

বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওর ব্রাজিল-জার্মানি সেমি-ফাইনাল চলার সময় বিক্রি বাড়াতে আয়ারল্যান্ডের রসিন ডু পানশালায় প্রতি গোলের জন্য এক মগ বিয়ারের দাম ৫০ সেন্ট করে কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আর তাতেই বাধে বিপত্তি।

মূল্যহ্রাসে ছিল দুই দেশের দুটি করে বিয়ার, জার্মানির এরডিঙ্গার আর ব্রাজিলের ব্রাহমা।

ম্যাচের শুরুর দিকে প্রত্যেক মগ বিয়ারের দাম ছিল ৪ ইউরো। কিন্তু প্রথমার্ধের ২৯ মিনিটের মধ্যে এরডিঙ্গারের এক মগ বিয়ারের দাম কমে দাঁড়ায় ১ ইউরো ৫০ সেন্ট। কারণ ততক্ষণে ৫-০ গোলে এগিয়ে যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধে জার্মানি আরো দুটি গোল করলে ম্যাচ শেষের ১১ মিনিট আগে প্রতি মগ এরদিঙ্গার দাম ৫০ সেন্ট হয়ে যায়।

ব্রাজিলের বিশ্ব জুড়ে থাকা কোটি কোটি সমর্থকের মতো তাই ম্যাচ চলার সময় মুখ শুকিয়ে যায় পানশালার মালিক গুগাই ম্যাকন্যাম্যারারা।

"শুরুতেই আমরা বুঝতে পেরেছিলাম, বিপদে পড়েছি। আমি যখন পানশালায় ঢুকলাম, তখন ম্যানেজারকে ভীত দেখাচ্ছিল।"

পানশালার মালিক জানান, একটা সময়ে এক প্যাকেট চিপসের চেয়ে বিয়ারের দাম কম হয়ে পড়ে। দ্রুতই বিষয়টি অনলাইনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পরে। তখন আশেপাশের পানশালা থেকে মানুষ তাদের পানশালায় ভিড় করতে থাকে। প্রত্যেকটি গোলের পর তারা বিপুল হর্ষধ্বনি করছিল।

তবে লোকেরা যে একেক জন ১৫/২০টা করে বিয়ার অর্ডার দেয়নি বলে তাদের প্রতি কৃতজ্ঞ ওই পানশালার মালিক।