২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অর্থহীন' ব্রাজিল-ম্যাচে আপত্তি ডাচ কোচের

ব্রাজিলের বিপক্ষে তৃতীয় স্থানের জন্য লড়াইটাকে একদমই গুরুত্ব দিচ্ছেন না লুইস ফন গাল। বিশ্বকাপের মতো আসরে এ ধরণের স্থান নির্ধারণী ম্যাচকে অর্থহীন মনে করেন নেদারল্যান্ডসের কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 07:31 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

ব্রাজিলিয়ায় শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় বিশ্বকাপের তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল ও নেদারল্যান্ডস।

আরেনা দে সাও পাওলোতে বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হারার পর ম্যাচটি নিয়ে অনীহা জানিয়ে ডাচ কোচ বলেন, "আমি মনে করি, এই ম্যাচের আয়োজন করাই উচিত নয়। এটা আমি ১০ বছর ধরেই বলে আসছি।"

ফন গালের মতে, ফুটবল টুর্নামেন্টে, বিশেষ করে শেষ পর্যায়ে তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচের জন্য কোনো খেলোয়াড় মুখিয়ে থাকে না। কারণ তাদের দৃষ্টিতে পুরস্কার একটাই - বিশ্বসেরা হওয়া।

তবে এই ধরণের ম্যাচ নিয়ে তার সবচেয়ে বড় আপত্তিটা হলো, সেমি-ফাইনালে ওঠা চারটি দলের মধ্যে একটি দলের টানা দুটি ম্যাচই হারতে হয়।

এত দারুণ খেলে সেমি-ফাইনালে ওঠার পর শেষ দুটো ম্যাচ হেরে একটি দলের বাড়ি যাওয়াটা ক্রীড়া-চেতনার সঙ্গে মানানসই নয় বলে মনে করেন ডাচ কোচ।

তবে খেলতেই যখন হচ্ছে, তখন আরেকটি বিষয়েও ক্ষুব্ধ ফন গাল। তার দাবি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে ডাচ খেলোয়াড়রা হাতে অল্প সময় পাচ্ছেন।