সমালোচনার জবাব দিলেন আগুয়েরো
ফাইনালে উঠে সন্দেহবাদীদের ভুল প্রমাণ করতে পেরে খুশি সের্হিও আগুয়েরো। নেদারল্যান্ডসকে হারানোর পর মারাকানার ম্যাচটি নিয়েই ভাবতে শুরু করেছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
সাও পাওলোর আরেনা দে সাও পাওলোতে সেমি-ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারানোটা আর্জেন্টিনার কাছে বিশেষ কিছু বলে উল্লেখ করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আগুয়েরো।
"অনেক মানুষই ভাবতে পারেনি আর্জেন্টিনা ফাইনালে যেতে পারে। কিন্তু আমরা জানি, আমাদের কেমন খেলোয়াড় আছে। ব্যক্তিগতভাবে অনেক ভালো খেলোয়াড় আমাদের আছে। এই জয় আমাদের কাছে অনেক কিছু।"
এমন একটি জয়ের পর আনন্দ আর ধরে রাখতে পারেননি ম্যাক্সি রদ্রিগেস।
"আমরা জানি, আমাদের কী রকম যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে। এবার কিছু আনন্দ আমাদের প্রাপ্য।"
রদ্রিগেস দারুণ এই জয়কে তার পরিবার আর আর্জেন্টিনার মানুষকে উৎসর্গ করেন। তবে এই আনন্দে বুঁদ হয়ে না থেকে দুই যুগ পর ওঠা ফাইনালে মনোযোগ দিতে চান তিনি।
"এখন আমাদের ফাইনালে খেলতে হবে। বুয়েনস এইরেস ছাড়ার আগে এই স্বপ্নটাই দেখে এসেছি আমরা। এর সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে আমাদের। আশা করছি, শেষ ৯০ মিনিট আমাদের পক্ষেই যাবে।"
