ডাচদের প্রথম পেনাল্টি কেউ নিতে চায়নি
শেষ আট আর শেষ চার-এই দুই ম্যাচে ডাচদের দুই টাইব্রেকারে কত পার্থক্য। শেষ আটে কোস্টা রিকার বিপক্ষে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছিল নেদারল্যান্ডসকে। কিন্তু সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বেরিয়ে পড়ল টাইব্রেকারে তাদের চিরন্তন দীনতা।
কোস্টা রিকার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে শেষ সময়ে সিলেসেনের বদলে বিশেষজ্ঞ গোলরক্ষক টিম ক্রুলকে নামিয়েছিলেন লুইস ফন গাল। সেই ম্যাচে দুটি শট ঠেকিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন ক্রুল। এবার সিলেসেনের ওপরই আস্থা রেখেছিলেন কোচ, কিন্তু প্রতিদান পাননি। তাই আরেনা দে সাও পাওলোতে বুধবারের টাইব্রেকার ডাচদের কাছে ধরা দিল অন্য রূপে। আর্জেন্টিনার কাছে 'ভাগ্য পরীক্ষায়' ৪-২ গোলে হারল তারা।
ম্যাচ শেষে ফন গাল যা বললেন, সেটা টাইব্রেকারে ডাচদের ভীতিটাকে আরো খোলাসা করে। টাইব্রেকারের প্রথম পেনাল্টিটি নাকি ডাচ দলে কেউ নিতে চাচ্ছিল না।
প্রথম কিক নেয়ার জন্য দুজন খেলোয়াড়কে বলেছিলেন ফন গাল। তারা রাজি না হওয়ায় রুন ভ্লারকে বেছে নিতে বাধ্য হন তিনি।
"আমি মনে করেছি, ভ্লার মাঠের সেরা খেলোয়াড় এবং ওর অনেক আত্মবিশ্বাস থাকবে।"
ফন গাল জানাননি, কোন দুজনকে প্রথম কিক নিতে বলেছিলেন। কোস্টা রিকার বিপক্ষে প্রথম কিক নেয়ার কাজটি করেছিলেন অধিনায়ক রবিন ফন পের্সি। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে তাকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন ফন গাল।
ভ্লারের নেয়া কিকটি ফিরিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো। এ ছাড়া মিডফিল্ডার ভেসলি স্নেইডারও গোল করতে পাররেনি। তবে আরিয়েন রবেন আর ডির্ক কুইট তাদের শটে গোল করেন।
আর্জেন্টিনার পক্ষে লিওনেল মেসি, এসেকিয়েল গারায়, সের্হিও আগুয়েরো ও ম্যাক্সি রদ্রিগেস গোল চারটি করেন।
গত ম্যাচের মতো সিলেসেনের বদলে ক্রুলকে না নামানো নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। ফন গাল জানান, আগেই তিন খেলোয়াড় বদলিয়ে ফেলায় তার হাতে কোনো উপায় ছিল না।
কোস্টা রিকার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে অবশ্য শেষ পর্যন্ত একজন খেলোয়াড় বদলের সুযোগ হাতে রেখে ক্রুলকে নামিয়েছিলেন ফন গাল।
এই নিয়ে বিশ্বকাপে তিন বার টাইব্রেকার নামের ভাগ্য পরীক্ষার মুখোমুখি হয়ে দুবারই হারল ডাচরা। আর ইউরোতে চার বারে ৩ বার হেরেছে তারা।
প্রথম কিক নেয়া ভ্লার গোল করতে না পারার বিষয়টিকে দুর্ভাগ্য হিসেবে দেখছেন না।
"আপনি যখন একটা কিক নেবেন, তখন আপনাকে গোল করতে হবে। এটা হয়নি, তাই এটা খুব একটা ভালো ছিল না। আমি কখনোই দায়িত্ব নেয়া থেকে সরে দাঁড়াই না। আমি নার্ভাস ছিলাম না।"
