ব্রাজিলে প্রাণ গেল আর্জেন্টিনার আরেক সাংবাদিকের
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আর্জেন্টিনার আরেক ক্রীড়া সাংবাদিকের। ৩৮ বছর বয়সী এই সাংবাদিকের নাম হোর্হে লোপেস। বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলে ছিলেন তিনি।
বুধবার দিনের শুরুতে দুর্ঘটনাটি ঘটে। চুরি হওয়া একটি গাড়ি লোপেসের ট্যাক্সিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ‘ওলে’ ও লা রেদ রেডিওতে কাজ করতেন লোপেস। দুর্ঘটনায় ট্যাক্সি চালক আহত হন।
বুধবার সাও পাওলোর আরেনা দি সাও পাওলোয় নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা।
লোপেসের মৃত্যুতে আর্জেন্টিনা দল দুঃখ প্রকাশ করেছে। দলের অফিসিয়াল টুইটার একাউন্টে লোপেসের স্ত্রী, সন্তান ও সহকর্মীদের সমবেদনা জানিয়েছে তারা।
এ মাসের শুরুতে আর্জেন্টিনার আরেক সাংবাদিক মারিয়া সোলেদাদ ফের্নান্দেস সড়ক দুর্ঘটনায় মারা যান।
